২২ মে, ২০১৭ ১২:৪৮
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, সম্প্রতি সিলেটের জৈন্তাপুর থানা হাজতে এক আসামির আত্মহত্যার ঘটনার দায় কোনভাবেই এড়াতে পারে না কতৃপক্ষ। এর জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি করেছেন তিনি।
সোমবার (২২ মে) সকালে সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
হাজতির আত্মহত্যার ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহারে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়া উচিত ছিল পুলিশ প্রশাসনের।
কাজী রিয়াজুল হক জানান, এই ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন অধিকতর তদন্ত করবে।
সকাল সাড়ে আটটা থেকে ঘন্টাব্যাপী কারাগার পরিদর্শন শেষে তিনি জানান, কারাগারে যে সকল আসামিরা বিচারাধীন অবস্থায় ১০ বছরের বেশি সময় ধরে আছেন, তাদের প্রত্যেককে জাতীয় মানবাধিকার কমিশন আইনী সহায়তা দেবে। এর জন্য তিনি বিচার বিভাগকেও আরো দ্রুত বিচারকাজ শেষ করার আহবান জানান।
প্রসঙ্গত, গত শুক্রবার ভোররাতে জৈন্তাপুর থানা হেফাজতে নজরুল ইসলাম বাবু নামের এক আসামির মৃত্যু হয়। পুলিশ এটিকে আত্মহত্যা বললেও বাবুর পরিবার দাবি করে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বটেশ্বর এলাকা থেকে নজরুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায়, গত বছরের ১৬ নভেম্বর জৈন্তাপুরের ঘিলাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নাসরিন ফাতেমাকে বিয়ে করেন নজরুল ইসলাম বাবু। বিয়ের পর তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। একপর্যায়ে নাসরিন ফাতেমা পিত্রালয়ে চলে যান এবং নির্যাতনের অভিযোগ এনে বাবুর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হন বাবু।
আপনার মন্তব্য