সিলেটটুডে ডেস্ক

২৩ মে, ২০১৭ ১৮:৫৭

সিলেটে অর্থমন্ত্রীর বাসভবনের সামনে বিড়ি শ্রমিকদের বিক্ষোভ

পক্ষপাত ও বৈষম্যমূলক শুল্কনীতি বাতিল, বিড়ি শিল্প নিয়ে অর্থমন্ত্রীর উক্তির প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে সিলেটে অর্থমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বিড়ি শ্রমিকরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে নগরীর ধোপাদিঘীর পাড়স্থ অর্থমন্ত্রীর বাসভবন ‘হাফিজ কমপ্লেক্স’র প্রধান ফটকে মানববন্ধন আয়োজন করে বিড়ি শ্রমিক ফেডারেশন। এসময় তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে এছাড়া শিল্প ও শ্রমিকদের রক্ষায় বিড়ির উপর হতে প্রস্তাবিত বর্ধিত কর প্রত্যাহারের দাবিতে  জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।

বিড়ি শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আমিন উদ্দিন বিএসসি বলেন, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা আমরাও মানি। তবে বিড়ির প্রতি যে হারে কর বর্ধিত করা হয় বা কথা বলা হয়, সিগারেটের প্রতি তা করা হয় না। ১৫ থেকে ১৬ লাখ শ্রমিক বিড়ি তৈরির কাজে নিয়োজিত। কর বৃদ্ধির ফলে কর্মরত শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হবেন। এছাড়া লোকসানে পড়ে এই শিল্প ধ্বংস হওয়ার ফলে বেকার হয়ে পড়বেন শ্রমিকরা। এজন্য তারা বিক্ষোভ করছেন।

তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী নানা কর্মসূচি তারা চালিয়ে যাবেন বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত