২৬ মে, ২০১৭ ২২:৪৯
সিলেটের আপামর সংস্কৃতিপ্রেমীর শ্রদ্ধায় আর উষ্ণ ভালবাসায় সিক্ত হলেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনিল কিষণ সিংহ।
শুক্রবার (২৬ মে) নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে অনিল কিষণ সিংহের ৮০ তম জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত উৎসবে তাঁকে বরণ করে নেন সিলেটের কবি, শিল্পী, সংস্কৃতি কর্মী-সংগঠক ও কলাকুশলীরা।
অনুষ্ঠানে নগরবাসীর পক্ষ থেকে অনিল কিষণ সিংহকে ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছা জানান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
অনিল কিষণ সিংহ ৮০ বছর পূর্তি পর্ষদের আহবায়ক অধ্যাপক আবুল ফতেহ ফাত্তাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা পর্বে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, স্বশিক্ষিত মানুষের আলোকপ্রভায় আলোকিত হয় দেশ সমাজ। অনিল কিষণ সেই সংস্কৃতজন যিনি তাঁর জীবনের পুরোটাই উৎসর্গ করেছেন আলোর পথে। সংস্কৃতি সাধনার মধ্যে তাঁর জীবন পাঠ আমাদের শুধু আবিষ্ট করেনা অনুপ্রাণিতও করে।
সভাপতির বক্তব্যে পর্ষদের আহবায়ক অধ্যাপক আবুল ফতেহ ফাত্তাহ বলেন, আমাদের সমাজ-প্রতিবেশে অনিল কিষণ সিংহের মতো ব্যক্তিরা আপন আলোয় চিরঞ্জীব হয়ে থাকবেন। তাঁর মতো ব্যক্তিত্বের প্রজ্ঞা প্রসূত অভিজ্ঞতা আমাদেরকে সামনের পানে এগিয়ে নিয়ে যাবে। প্রগতিশীল সমাজ বিনির্মাণে জীবনপাঠশালায় তাঁর জ্ঞান ও স্মৃতিচারণ আমাদের পাথেয় হয়ে থাকবে।
সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত ও নন্দিতা দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অনিল কিষণ সিংহ ৮০ বছর পূর্তি পর্ষদের সদস্য সচিব নীলাঞ্জনা যুঁই, শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম লিটন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু, আইডিয়ার নির্বাহী প্রধান নজমুল হক, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর। এর আগে অনিল কিষণ সিংহের জীবনী পাঠ করেন বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সভাপতি কবি এ কে শেরাম ও মানপত্র পাঠ করেন কথাকলি’র সভাপতি অধ্যাপিকা শামীমা চৌধুরী।
সাংস্কৃতিক পর্ব শুরু হয় অনিল কিষণের লেখা ২ টি মণিপুরী গানের মধ্য দিয়ে। সমবেত কণ্ঠে গানটি পরিবেশন করেন বাংলাদেশ বেতার সিলেটের মণিপুরী অনুষ্ঠানের শিল্পীরা। এরপর একে এক নৃত্য ও সংগীত আবৃত্তি পরিবেশন করেন, একাডেমী ফর মণিপুরী কালচার এন্ড আর্ট, নৃত্যশৈলী, নৃত্যরং, শিল্পাঙ্গণ, ছন্দনৃত্যালয়, আনন্দলোক, গীতবিতান বাংলাদেশ, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, সিলেট লোকসংগীত পরিষদ, নজরুল সংগীত শিল্পী পরিষদ, সপ্তস্বর সংগীত বিদ্যাপীঠ, মৌলভীবাজার।
জন্মজয়ন্তী উপলক্ষে অপূর্ব শর্মার সম্পাদনায় অনিল কিষণ সিংহ ৮০ পূর্তি স্মারক ‘ ছন্দলয়ের ঝলকানি’ প্রকাশিত হয়। অনুষ্ঠানে স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
আপনার মন্তব্য