২৮ মে, ২০১৭ ১৬:১০
ফাইল ছবি
সিলেটের বিয়ানীবাজারে বিদ্যুতের দাবীতে দফায়-দফায় বিক্ষোভ করছেন ভুক্তভোগী জনতা। গত ক’দিন থেকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে সিলেট-বিয়ানীবাজার সড়কের চারখাই বাজার এবং নালবহর বাজারে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। তবুও এ উপজেলায় বিদ্যুৎ পরিস্থিতির নুন্যতম উন্নতি হচ্ছেনা। এ উপজেলায় দৈনিক কতবার বিদ্যুৎ যায় আসে, তার কোন হিসাব নেই কারো কাছে! কখনো আবার টানা ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। বিদ্যুতের ঘনঘন বিভ্রাটে এখানকার মানুষের নাভিশ্বাস চরমে পৌঁছেছে।
গত শুক্রবার বিয়ানীবাজারে সবমিলিয়ে ৪ঘন্টাও বিদ্যুৎ সরবরাহ করা হয়নি। শনিবার সকাল ১০টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত টানা বিদ্যুৎ বিহীন ছিল এ উপজেলা। বিদ্যুৎ সরবরাহে এমন খারাপ পরিস্থিতির কারণ জানতে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী মাহবুবুল আলম ও ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) অভিলাষ চন্দ্র পালের মোবাইল ফোনে অনেকবার ফোন করলেও তারা ফোন রিসিভ করেননি।
বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত তথ্য জানতে দাপ্তরিক নাম্বারে (০১৭৬৯৪০১৮৬৯) যোগাযোগ করার চেষ্টা করা হলে এটি লাগাতার ব্যস্ত পাওয়া যায়। বিয়ানীবাজার পল্লী বিদ্যুৎ অফিসের পরিচালক মো: শফিউর রহমান জানান, উপজেলায় ১১ মেঘাওয়াট বিদ্যুতের প্রয়োজন। অথচ আমাদের মাত্র ৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। শুক্রবার মাত্র ৩ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। তিনি বলেন, বিষয়টি আমি স্থানীয় সংসদ সদস্য এবং শিক্ষামন্ত্রীকে অবহিত করেছি।
ভুক্তভোগী এক গ্রাহক মাহবুবুর রহমান সুমন জানান, বিয়ানীবাজারে বিদ্যুৎ সংক্রান্ত কোন তথ্য জানতে কারো সাথে যোগাযোগ করা যায়না। তাদের ফোন হয় বন্ধ থাকে অথবা ব্যস্ত থাকে। তিনি ফোনের লাগাতার ব্যস্ততা নিয়েও প্রশ্ন তুলেছেন। বিদ্যুতের বিরামহীন যাওয়া-আসা কিংবা কোন তথ্যের জন্য সংশ্লিষ্ট অভিযোগ নাম্বারে যোগাযোগের চেষ্টা করা হলে অপর প্রান্ত থেকে ভেসে আসে-‘দু:খিত, আপনার ডায়ালকৃত নাম্বারটি এখন ব্যস্ত আছে...।’
অবিরাম এই অভিযোগ নাম্বারে ডায়ালের পর একই উত্তর আসে। তাই অনেক সচেতন গ্রাহক পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম, এজিএম, পরিচালক কিংবা প্রকৌশলীর সাথে যোগাযোগ করলে উল্টো অসৌজন্যমূলক আচরণের শিকার হতে হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে বিদ্যুৎ সরবরাহে এমন উদাসীনতায় গত শুক্রবার রাতে চারখাই বাজারে সড়ক অবরোধের সময় কয়েকশ’ত যানবাহন আটকা পড়ে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে নালবহর বাজারে তারাবীর নামাজ শেষে সড়ক অবরোধ করেন মুসল্লিরা। পরে স্থানীয় চেয়ারম্যানের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের স্থানীয় ব্যবস্থাপক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন,-‘অনেক জায়গায় চাকুরী করেছি। কিন্তু এখানকার মত এত খারাপ বিদ্যুৎ সরবরাহ আগে কখনো দেখিনি।’
আপনার মন্তব্য