৩১ মে, ২০১৭ ২১:২৩
সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো ও সরকারবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে আব্দুল আজিজ নামে এক ব্যক্তিকে আটক করেছে গোলাপগঞ্জ থানা পুলিশ। বুধবার দুপুরে গোলাপগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে।
আব্দুল আজিজের বিরুদ্ধে ফেসবুকে ও ফেসবুকের বাইরে বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো, অমুসলিমদের নিয়ে কটুক্তিমুলক বক্তব্য ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ রয়েছে। এমন অভিযোগে নগরীর কতোয়ালি থানায় তার বিরুদ্ধে একাধিক সাধারণ ডায়রিও হয়েছে।
আব্দুল আজিজের ফেসবুকে গিয়ে দেখা যায়, মন্দিরসহ বিভিন্ন জায়গায় গিয়ে হিন্দুৃসহ অন্য ধর্মাবলম্বীদের ইসলামের 'দাওয়াত' দিচ্ছেন তিনি। নিজের সে সব ভিডিও প্রচার করেছেন নিজের ফেসবুকে। আব্দুল আজিজের প্রোফাইলে নামের নিচে লেখা রয়েছে 'নও মুসলিম' ।
সম্প্রতি ফেসবুকে অন্য একজনকে উদ্দেশ্য করে আব্দুল আজিজের দেওয়া হুমকি ভাইরাল হয়ে যায় বিভিন্ন জনের টাইমলাইনে। এতে দেখা যায়, আব্দুল আজিজ হুমকি দিয়ে লিখেছেন- 'অপেক্ষা করো হিন্দু দাদারা, এই বাংলার বুকে তোমাদের মা হাসিনার পতনের পর আমরা হিন্দু নামক ও আওয়ামী লীগ সেক্যুলারদের জবাই করবো, ইনশাল্লাহ।'
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলি আহমদ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিজের ফেসবুক একাউন্টটি হ্যাক হয়ে গেছে ও অন্য কেউ এসব বিদ্বেষ ছড়াচ্ছে দাবি করে আজ আব্দুল আজিজ থানায় একটি জিডি করতে এসেছিলেন। বিষয়টি যেহেতু স্পর্শকাতর, তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আটক করেছি।
আপনার মন্তব্য