০৪ জুন, ২০১৭ ১৬:৪৭
মাহে রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে সিলেট নগরীর গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাত দখলমুক্ত ও অবৈধ গাড়ির স্ট্যান্ড উচ্ছেদ করেছে সিলেট সিটি করপোরেশন।
রোববার বিকেলে সিসিক মেয়র আরিফুল হক চৌধূরীর নেতৃত্বে এক অভিযান পরিচালনা মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করা হয়। এসময় বিপুল পরিমান পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
এছাড়া বন্দর বাজার পয়েন্ট ও কোর্ট পয়েন্টের সিএনজি অটোরিকশা ও লেগুনা গাড়ির স্ট্যান্ড উচ্ছেদ করা হয়। পাশাপাশি কোর্ট পয়েন্ট থেকে আম্বরখানা পয়েন্ট পর্যন্ত সড়কে পার্কিং থেকে বিরত থাকার আহ্বান জানান সিসিক মেয়র।
এরআগে গত ১ জুন ফুটপাত থেকে হকার উচ্ছেদে দিনভর অভিযান চালায় সিসিক। তবে অভিযান শেষ হলে হকাররা আবারো ফুটপাত দখলে নেয়।
আরিফ জানান, আগামীতে যেসব মার্কেট ও দোকানের সামনে ফুটপাত দখল হবে সেসব মার্কেট ও দোকানের মালিককে জরিমানা করা হবে।
এর আগে সিলেট জেলা আইনজীবী সমিতির একটি আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ মে বৃহস্পতিবার সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরো জনগুরুত্বপূর্ন প্রতিষ্ঠান সংলগ্ন ফুটপাতে অবৈধ দখলদার, নেপথ্যে থাকা দখলদার পক্ষের ব্যক্তিদের নাম, ঠিকানা তদন্ত করে সাত দিনের মধ্যে তা আদালতে দাখিল করতে সিটি কর্পোরেশনকে নির্দেশ দিয়েছিলেন।
এ কাজে সিটি কর্পোরেশনকে সহায়তা করতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও নির্দেশ দেওয়া হয়েছিল।
এ নির্দেশের প্রেক্ষিতে গত সোমবার সিসিকের এক জরুরি সভায় ফুটপাত দখলদারদের তিনদিনের সময় বেধে দেয়া হয়েছিল। পরে আদালত প্রাঙ্গণ, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিটি কর্পোরেশন কার্যালয় সংলগ্ন ফুটপাতসহ জনগুরুত্বপূর্ণ অফিস ও সড়ক থেকে অবৈধ দখলদারদের সরে যাওয়ার জন্য মাইকিং করা হয়। কিন্তু দখলদাররা সরে না যাওয়ায় বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে গত ১ জুন অভিযান চালায় সিসিক কর্তৃপক্ষ।
আপনার মন্তব্য