রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং

১২ জুন, ২০১৭ ০০:৫৭

বানিয়াচংয়ে বিদ্যুৎ থাকে না দিনের অর্ধেক সময়ই

সঞ্চালন লাইনে সংস্কারের অজুহাতে দিনের অর্ধেকটা সময়ই বিদ্যুত থাকে না বানিয়াচংয়ে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন পল্লীবিদ্যুতের শতশত গ্রাহকেরা। তবে বেশী কষ্ট হচ্ছে রোজাদার, শিক্ষার্থী, ওয়ার্কসপ ব্যবসায়ী ও কলকারখানার মালিকদের। গত দুই ধরে দিনে ৭ থেকে ৮ বার বিদ্যুৎ আসা যাওয়া করেছে। ইফতার ও তারাবীহর সময় ও ছিল না বিদ্যুৎ।

স্থানীয় কয়েকজন জানান, দিনের শুরু থেকে আরম্ভ করে সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। এতে দুর্ভোগে পড়েছে স্কুল কলেজের শিক্ষার্থীদের । বিদ্যুৎ না থাকায় বাসা বাড়িতে পানি থাকছে না সময়মতো। ব্যবসায়ীদের ফ্রিজে রাখা বিভিন্ন ধরণের পণ্য নষ্ট হচ্ছে হরহামেশা। ইলেকট্রনিক্স সামগ্রী ও যন্ত্রপাতি ঠিকমতো চালানো যাচ্ছে না।

বিদ্যুৎ না থাকায় কয়েকটি ফটোস্ট্যাটের দোকানে ছিল মানুষের দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ছিলেন বিদ্যুতের জন্য। এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

বানিয়াচং নতুন বাজারের মাসুদ রানা বলেন, আমাদের বাজারে বিদ্যুৎ না থাকলেও পার্শ্ববর্তী বড়বাজারে ঠিকই বিদ্যুৎ থাকে।

বানিয়াচং আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মো.আবুজাফর জানান, ঝড়বৃষ্টিতে বিদ্যুতের ৩৩ কেবি লাইনে গাছপালা পড়ে গিয়ে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। কিছুদিন ধরে  এ সমস্যা হচ্ছে। পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগবে।

আপনার মন্তব্য

আলোচিত