ওসমানীনগর প্রতিনিধি

১৪ জুন, ২০১৭ ০০:২২

ওসমানীনগরে জবেদ আলী হত্যা : ২০ জনকে আসামী করে থানায় মামলা

সিলেটের ওসমানীনগরে দয়ামীর ইউপির ধিরারাইয়ে জবেদ আলী হত্যাকান্ডের ঘটনার তিন দিন পর ওসমানীনগর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত জবেদ আলীর ছেলে হোসেন আলী বাদী হয়ে মঙ্গলবার বিকেলে ওসমানীনগর থানায় (মামলা নং-০৮) দায়ের করেন।  

মামলায় ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ৪/৫ সহ ২০ জনকে আসামী করা হয়। জবেদ আলী হত্যাকান্ডের ঘটনা সরজমিন তদন্ত করতে গত সোমবার বিকেলে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামন ঘটনাস্থল পরিদর্শন করে স্বাক্ষী ও নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

এদিকে গত ১০ জুন উপজেলার উমরপুর ইউপির সৈয়দ মান্দারুকা জামে মসজিদের এসি ও ফ্যান লাগানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার দুপুরে ওসমানীনগর থানায় একটি পক্ষ মামলা দায়ের করেছেন। সৈয়দ মান্দারুকা গ্রামের সৈয়দ মতিন মিয়া বাদী হয়ে ২০জনকে আসামী করে (মামলা নং-০৯) দায়ের করেন।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা জবেদ আলী হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার এজাহার নামীয় দুই আসামী জেল হাজতে রয়েছে। তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১০ জুন রাতে মোবাইল ফোনে মেয়েকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে উপজেলার দয়ামীর ইউপির বড় ধিরারাই গ্রামে দুপক্ষের সংঘর্ষে জবেদ আলী সহ সাত জন গুরুতর আহত হয়। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গুরুতর আহত জবেদ আলী (৬০) মারা যান। একই সময় উপজেলার উমরপুর ইউপির সৈয়দ মান্দারুকা জামে মসজিদের এসি ও ফ্যান লাগানোকে কেন্দ্র করে দুপিক্ষের মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষে আহত  হন আরো ১৭/ ১৮ জন।

আপনার মন্তব্য

আলোচিত