১৪ জুন, ২০১৭ ১৪:৫৯
স্থানীয়দের সাথে কথা বলছেন গোয়াইনঘাট উপজেলার ইউএনও
ভারী বর্ষণে সৃষ্ট পাহাড় ও টিলা ধসে প্রাণহানীসহ ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতির আশংকায় সিলেটের জাফলং পাথর কোয়ারী ও পর্যটন স্পটের অদুরে বল্লাঘাট এলাকায় টিলা ও পাহাড় ঘেষে গড়ে ওঠা অস্থায়ী বস্তিতে বসবাসরত সহস্রাধিক মানুষের সাথে জরুরি বৈঠক করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৪ জুন) দুপুর ১২টায় উক্ত এলাকায় সরেজমিনে পরিদর্শনে আসেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহ উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানী ও গোয়াইনঘাট থানার ওসিসহ পুলিশ সদস্যরা।
প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনসাধারণকে ঝুকিপুর্ণ পাহাড়ের পাশের ঘর-বাড়ি সরিয়ে অন্যত্র নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেয়ার পাশাপাশি মানুষকে এ ব্যাপারে সচেতন করতে একটি সভা করা হয়েছে।
জনসচেতনতামূলক এ সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহ উদ্দিন বলেন, ভারী বর্ষণে বান্দরবানসহ দেশের বিভিন্ন স্থানে পাহাড়-টিলা ধসের ঘটনা ঘটে ব্যাপক প্রাণহানী হয়েছে। এতে করে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি ছাড়াও রাষ্ট্রের ব্যাপক ক্ষতি সাধনের ঘটনা ঘটছে। পাহাড় টিলা ধসে প্রাণহানী ও আহত হওয়ার ঘটনা রোধসহ জানমাল রক্ষায় সরকার আন্তরিকতার সহিত কাজ করছেন।
তিনি স্থানীয় মুকিত চেয়ারম্যানের টিলা, বাবুলের জুমসহ আশপাশের পাহাড়ের গায়ে অস্থায়ীভাবে গড়ে ওঠা সবকটি খুপড়ি ঘরগুলো অন্যত্র নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে স্থানীয় ভুমি ও কলোনি মালিকদের নির্দেশ দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুর্ব জাফলং ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদির, জাফলং ষ্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত প্রমুখ।
আপনার মন্তব্য