নিজস্ব প্রতিবেদক

১৬ জুন, ২০১৭ ১৯:০৭

নগরীর উপশহরে হলদি ছড়ায় অভিযানে মেয়র আরিফ

ফাইল ছবি

সিলেট নগরীর শাহজালাল উপশহর ও তেরোরতন এলাকার হলদি ছড়ার উপর নির্মিত দেয়াল, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিষ্কার পরিচন্নতা অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। শুক্রবার সকালে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে পে লোডার দিয়ে হলদি ছড়ায় পরিষ্কার পরিচন্নতা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়।

অভিযানে সিসিকের কাউন্সিলার সুহেল আহমদ রিপন, আবব্দুর রকিব তুহিন, সৈয়দ মিছবাহ উদ্দিন, মহিলা কাউন্সিলার ছালেহা কবীর শেপী, সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবর, শামছুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমানসহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিপুল সংখ্যক পুলিশ ও পরিচ্ছন্নতা কর্মীরা অংশ নেন।

সিটি মেয়র আরিফুল হক চৌধুরী জানান, নগরীকে জলাবদ্ধতা থেকে মুক্ত রাখতে হলে নগরীর উপর দিয়ে প্রবাহিত সকল ছড়া, খাল, নালা ও ড্রেন পরিষ্কার রাখতে হবে।

নগরীর যে সকল বাসিন্দা ছড়া, খাল, নালা ও ড্রেনের উপর অবৈধ ভাবে স্থাপনা তৈরী করে পানি প্রবাহের পথ রুদ্ধ  করে রেখেছেন তা নিজ নিজ উদ্যোগে পরিষ্কার করে দেয়ার আহবান জানান সিটি মেয়র আরিফ।

উল্লেখ্য, বুধবার সিলেট নগরীতে টানা ৯ ঘন্টার বৃষ্টিপাতে নগরীর অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছিল। প্লাবিত এলাকা পরিদর্শন করেন মেয়র আরিফ।

আপনার মন্তব্য

আলোচিত