নিজস্ব প্রতিবেদক

২০ জুন, ২০১৭ ২১:৪৭

ডাকাতির প্রস্তুতি কালে নগরীর চৌকিদেখী থেকে ৬ ডাকাত গ্রেপ্তার

ডাকাতির প্রস্তুতির সময় সিলেটের চৌকিদেখী এলাকা থেকে ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

মঙ্গলবার (২০ জুন) রাত আড়াইটার দিকে নগরীর এয়ারপোর্ট থানার পুলিশ সদস্যরা তাদেরকে গ্রেপ্তার করেছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা।      

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন ও এস আই চন্দ্র শেখর বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত মোবাইল সেট, ছোরা, কাটার মেশিনসহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে কয়েস (২০), রাব্বি (১৯), রবিন (২১), লিহাদ (১৯), অপু (১৮) এবং আবু বকর(২২)। এরা সকলেই নগরীর টিলাগড় এলাকার বাসিন্দা এবং এরা বিভিন্ন সময়ে নগরীর বিভিন্ন স্থানে সংঘাতসহ  ছিনতাই ও ডাকাতির ঘটনায় জড়িত ছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এই ঘটনায় এয়ারপোর্ট থানায় ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত