২০ জুন, ২০১৭ ২২:০১
সুনামগঞ্জের জগন্নাথপুরে মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। আসামির পক্ষের লোকজনের হামলায় পুলিশ সহ ৭ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ জুন) দুপুর ২টায় উপজেলার কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
হামলার শিকার হলেও পুলিশ পলাতক আসামি সফরুল ইসলাম (৩৫) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। সফরুল ইসলাম ওই গ্রামের আব্দুর রহিমের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালামের নেতৃত্বে একদল পুলিশ একতি মামলার পলাতক আসামি সফরুল ইসলামকে গ্রেপ্তার করতে কান্দারগাঁও নোয়াগাঁও গ্রামে অভিযান চালায়। এসময় আসামি সফরুলকে ছিনিয়ে নিতে তার লোকজন পুলিশের উপর হামলা চালায়।
হামলায় ৫ পুলিশসহ ৭ জন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন, জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম মিয়া (৪৬), সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহিন চৌধুরী (৩৭), সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তপন দেব (৩০), সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অরুন কুমার সিংহ (২৮), কনস্টেবল বেলাল আহমদ (৩০) ও আসামি পক্ষের আপরাতুন নেছা (৩৫) ও আলেছা বেগম (৫০)। আহতদের মধ্যে আপরাতুন নেছা ও আলেছা বেগমকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি সফরুলকে মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তার সফরুল ইসলামের চাচাতো ভাই মজর আলী জানান, পুলিশ প্রতিপক্ষের লোকজনদের পক্ষ নিয়ে আমাদের লোকজনদের মারধর করেছে। তবে পুলিশের উপর হামলার ঘটনাটি তিনি অস্বীকার করেন।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম মিয়া জানান, কান্দারগাঁও নোয়াগাঁও গ্রামের একটি মারামারি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সফরুল ইসলামকে গ্রেপ্তার করে নৌকা যোগে থানায় ফেরার পথে আসামির লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আসামিকে ছিনিয়ে নিতে আমাদের উপর হামলা চালায়। হামলায় আমিসহ ৫ পুলিশ সদস্য আহত হই।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ চৌধুরী জানান, পলাতক আসামি সফরুল ইসলামকে ধরতে গিয়ে তার লোকজনের হামলায় পুলিশ সদস্যরা আহত হয়েছেন।
আপনার মন্তব্য