নিজস্ব প্রতিবেদক

২০ জুন, ২০১৭ ২২:২৫

সিলেটে র‍্যাবের অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক

বিপুল পরিমাণ ইয়াবাসহ সিলেট নগরীর দর্শন দেউড়ী থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

মঙ্গলবার (২০ জুন) দুপুরে র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৯০ পিস ইয়াবাসহ  মো. নিজাম উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, দেশের সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত নিজাম উদ্দিন।

গ্রেফতারকৃত নিজাম উদ্দিন জালালাবাদ থানার মইয়ার চরের মৃত রশিদুল্লাহর পুত্র। অভিযানের সময় র‍্যাবের জিজ্ঞাসাবাদে নিজাম তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করে। এসময় তার কাছ থেকে প্রায় ৭৬ হাজার টাকা মূল্যের ১৯০ পিস ইয়াবা উদ্ধার করেন র‍্যাব সদস্যরা।

এছাড়াও র‍্যাবের জিজ্ঞাসাবাদে নিজাম জানায় দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক ক্রয় করে মাদকসেবীদের সরবরাহ করতো। উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতারকৃত নিজামকে সিলেট জেলার কতোয়ালী থানায় হস্তান্তর করে র‌্যাব।

আপনার মন্তব্য

আলোচিত