নিজস্ব প্রতিবেদক

১৯ মে, ২০১৫ ১৭:১২

তাবলীগ কর্মী খুন: স্ত্রী’র স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে লোমহর্ষক বর্ণনা

সিলেটের সওদাগর টুলায় তাবলীগ জামায়াত কর্মী মো. ইব্রাহিম খলিল হত্যাকাণ্ডের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তাঁর স্ত্রী । মঙ্গলবার দুপুরে সিলেট মেট্রোপলিটন প্রথম আদালতে ম্যাজিস্ট্রেট মো. সাহেদুল করিমের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন নিহতের স্ত্রী ফাতেহা বিবি।

সিলেট কোতোয়ালি থানার ওসি মো. সোহেল আহাম্মদ জানান, ফাতেহা বিবি নিজে ইব্রাহিমকে খুন করেছে বলে আদালতের নিকট স্বীকার করেছেন। এ হত্যাকাণ্ডে আর কেউ জড়িত নয় বলেও স্বীকারোক্তি দিয়েছেন ফাতেহা বিবি। পারিবারিক দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলেও জানায় পুলিশ।

সোমবার (১৮ মে) সকালে নগরীর সওদাগরটুলার নিজ বাসার শয়নকক্ষ থেকে ইব্রাহিম খলিলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের কাছে দেওয়া ১৬১ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্ত্রী ফাতেহা মাসরুকা বলেন, স্বামী একাধিক বিয়ে করেছেন। এর মধ্যে তার এক স্ত্রী দিনাজপুরে ও আরেক স্ত্রী গ্রামের বাড়ী সুজানগরে থাকেন। মূলত এসব নিয়ে পারিবারিক কলহ লেগেই থাকতো।

ফাতেহার স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, ভারতে তাবলীগ জামাতের চিল্লায় ছিলেন আবু ইব্রাহিম খলিল। তিনদিন আগে দেশে ফেরার পর তিনি বরিশালে তাবলীগ জামাতে থাকা বড় দুই ছেলের সঙ্গে দেখা করতে যান। সেখান থেকে রোববার সিলেটের বাসায় আসেন তিনি।

নিজেকে হার্টের রোগী দাবি করে ফাতেহা মাসরুর পুলিশকে জানিয়েছেন, রোববার বাসায় ফেরার পর স্বামীকে গ্রামের বাড়ির ঘরদোর ঠিক করার তাগিদ দেন তিনি। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ কারণে রাগ করে রাতে খাওয়াদাওয়া শেষে আলাদা কক্ষে ঘুমাতে চান তার স্বামী।

ভোররাত ৩টার দিকে ফাতেহা শোবার ঘরে ঢুকে ঘুমে থাকা স্বামীর দু’হাত বেধে ফেলেন। এরপর ফল কাটার ছুরি দিয়ে পেটের ডান পাশে উপর্যুপরি কোপাতে থাকেন। এক পর্যায়ে বালিশ চাপা দিয়ে মুখ চেপে ধরে স্বামীকে জবাই করে মৃত্যু নিশ্চিত করেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত