২০ মে, ২০১৫ ১৯:১০
সিলেটে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. ওয়ালিউল ইসলাম এই কারাদন্ডের রায় ঘোষণা করেন। রায়ে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্ত কাওসার আহমদ (৩০) সিলেট জেলার কানাইঘাট উপজেলার বড়চতুল গ্রামের মখলিছুর রহমানের ছেলে।
মামলার বিবরণী সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৩০ আগস্ট মধ্যরাতে স্ত্রী রাজনা বেগমকে (২২) শ্বাসরুদ্ধ করে হত্যা করেন তার স্বামী কাওসার আহমদ। হত্যার পর লাশ ফেলে দেন বাড়ির পাশ্ববর্তী একটি ডুবায়। পরদিন পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের রিপোর্টে রাজনার শরীরে আঘাতের চিহ্ন, গলায় শ্বাসরুদ্ধ করে মারার চিহ্ন এবং নাক দিয়ে রক্ত বের হওয়ার বিষয়টি ধরা পড়ে।
এ ঘটনায় নিহত রাজনার বাবা বাদি হয়ে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা কানাইঘাট থানার উপ-পরিদর্শক পঞ্চম নন্দী ২০১০ সালের ৩০ এপ্রিল রাজনার স্বামী কাওসারকে একমাত্র আসামি উল্লেখ করে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানির পর বুধবার আদালত এ রায় প্রদান করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সুজিত কুমার বৈদ্য জানান, হত্যাকান্ডের ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রাজনার স্বামী কাওসারকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
আপনার মন্তব্য