নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০১৫ ১৯:৩৪

নগরনাটের প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ: ‘অনন্ত বেঁচে থাকবে অনন্তকাল’

বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ  হত্যার প্রতিবাদে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে  সাংস্কৃতিক সমাবেশ করেছে নগরনাট সিলেট। প্রতিবাদী গণসংগীত, পথ নাটক ও সংহতি বক্তব্য মধ্যে দিয়ে পরিচালিত আয়োজনটি সঞ্চালনা করেন নগরনাটের চৌধুরী নাঈম বিন আতিক।

বক্তারা উল্লেখ্য করেন, অনন্ত বিজয় সমাজকর্মের ছাত্র হয়েও বিজ্ঞান নিয়ে যে গবেষনা করেছেন তা অভাবনীয়। ফ্রান্সিসকো আয়ালার 'এম আই এ মাংকি?' বই থেকে খুবই সহজ ভাষায় তিনি জীববিবর্তনের সাধারণ পাঠ নিয়ে আসেন আমাদের সামনে।

এরকম বই পাঠের মাধ্যমে  সমাজ আলোকিত হয়, কূপমুন্ডকতা থেকে বের হয়ে আসার সুযোগ পায় মানুষ। কিন্তু যারা সমাজকে আলোহীন রেখে স্বার্থসিদ্ধি করতে চায়, যারা অন্ধকারের বাসিন্দা তারাই এতে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করেছে।

যে শহীদ মিনারে একসময় নানান আয়োজনে সবার পরিচিত  মুখ ছিলেন অনন্ত, সেখানেই আয়োজিত সমাবেশে বক্তারা আবেগ তাড়িত হয়ে বলেন, অনন্ত কোন ধর্মের কটূক্তি করেনি, সে তার যুক্তি তোলে ধরেছিল কেবল এই কারণে তার মতন মেধাবী একজন লেখককে নির্মমভাবে হত্যার শিকার হতে হয়েছে আজ।

অনন্ত হত্যার ১০ দিন পার হয়ে গেলেও সরকারি প্রশাসন একজন খুনিকেও গ্রেফতার করতে না পারায় উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, ' তারা এসে প্রকাশ্যে খুন করে যাবে আর পুলিশ কিছুই করতে পারবেনা তাহলে এই প্রশাসনের কাজ কি?'

সবশেষে নগরনাটের পরিবেশনায় প্রতিবাদী পথ নাটক পরিবেশিত হয়। বাংলাদেশের মানচিত্রে ঘটে যাওয়া নানান ভয়ংকর ঘটনা তোলে ধরে শিল্পীরা আওয়াজ তোলেন- না অনন্ত মরে নি, অনন্ত বেঁচে থাকবে অনন্তকাল। অনন্তকে হয়ত শারীরিকভাবে হত্যা করা যায় কিন্তু অনন্তের চিন্তা চেতনা এই সমাজে বেঁচে থাকবে অনন্তকাল।

সমাবেশে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাজিয়া চৌধুরী,  এডভোকেট মঈনুদ্দিন আহমেদ জালাল, সাংস্কৃতিক সংগঠক এডভোকেট সৈয়দ মনির হেলাল উদীচী সিলেটের সাধারণ সম্পাদক রতন দেব, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক মাধব রায়, গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা শাখার সভাপতি সহিদুজ্জামান পাপলু প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত