সিলেটটুডে ডেস্ক

২৪ মে, ২০১৫ ১১:৫২

সোমবার সকাল ৬টা থেকে সিলেট-ঢাকা মহাসড়কে ধর্মঘট

সিলেট-ঢাকা মহাসড়কে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট আহবান করেছে সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-৭০৭)। আগামীকাল সোমবার সকাল ৬ টা থেকে ধর্মঘট আহবান করেছে শ্রমিক সংগঠনটি।

গত ২১ শে মে কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক চাঁদা দাবী করে সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক শাখার স্টেশন রোডস্থ ভূ্ইঁয়া পেট্রোল পাম্প সংলগ্ন স্ট্যান্ডে হামলা চালিয়ে বেশ কয়েকটি অটোরিক্সা ভাংচুর, চালকদের মারধর ও হত্যার হুমকি এবং অজ্ঞাত কারণে দক্ষিণ সুরমা থানা পুলিশ কর্তৃক দায়েরকৃত এজাহার রেকর্ড না করার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা দেয় জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন।

কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে একাত্মতা ঘোষণা করেছে সিলেট জেলা অটোটেম্পু-অটোরিক্সা চালক-শ্রমিক জোট (রেজি নং-২০৯৭)। কর্মসূচি চলাকালে চন্ডিপুল পয়েন্টে মূল সমাবেশের আয়োজন করা হলেও সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর পর্যন্ত বিভিন্ন পয়েন্টে শাখা কমিটির শ্রমিকরা অবস্থান গ্রহণ করবে। গতকাল শনিবার নগরীর স্টেশন রোডস্থ প্রধান কার্যালয়ে ইউনিয়নভূক্ত সিলেট-মৌলভীবাজার লাইনভূক্ত প্রতিটি আঞ্চলিক শাখা কমিটির সভাপতি ও সম্পাদকদের সমন্বয়ে আয়োজিত এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সুন্দর আলী খান, সহ-সভাপতি মানিক খান, কোষাধ্যক্ষ শাহাব উদ্দিন, প্রচার সম্পাদক খছরু মিয়া, দফতর সম্পাদক ইকবাল আহমদ, নির্বাহী সদস্য শাহ আলম সুরুক, আঞ্চলিক শাখার মধ্যে রেলগেইট শাখার আহবায়ক ইসমাইল আলী, সাবেক সম্পাদক জাকারিয়া আহমদ টিপু, লালাবাজার শাখার আহবায়ক শফিক মিয়া, চন্ডিপুল শাখার আহবায়ক শাহীন আহমদসহ নর্থ-ইস্ট শাখা, নাজিরবাজার, কুরুয়া, দয়ামীর, তাজপুর, গোয়ালাবাজার শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। সভা চলাকালে সিলেট জেলা অটোটেম্পু-অটোরিক্সা চালক-শ্রমিক জোট (রেজি নং-২০৯৭)-এর কার্যকরী সভাপতি মতছির আলী, কামালবাজার আঞ্চলিক শাখার সম্পাদক সাদেক আহমদ, অন্যতম নেতা আশিক আহমদ প্রমুখ বক্তব্য রাখেন।

আপনার মন্তব্য

আলোচিত