০১ জুন, ২০১৫ ০০:২৪
সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার কলবাখানি পাড়ায় ছাত্রদলের সুমন-মুন্না-জুমন গ্রুপ ও এরশাদ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রদল নেতা এরশাদ সহ ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন এরশাদ, জাহিদ, জুবায়ের, এরশাদের ফুপু আয়েশা বেগম এবং অজ্ঞাত একজন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে ছাত্রদলের সুমন-মুন্না-জুমন গ্রুপের নেতাকর্মীরা 'জয় বাংলা' স্লোগান দিয়ে এরশাদ গ্রুপের উপর হামলা করে। এসময় এরশাদ সহ ৫ জন আহত হন। পরবর্তীতে এরশাদ গ্রুপ পাল্টা হামলা চালালে দু'পক্ষের মধ্যে প্রায় ২ ঘণ্টা ব্যাপী সংঘর্ষ হয়। সংঘর্ষে কলবাখানি এলাকার বেশ কয়েকটি বাসা বাড়ি ও দোকানপাট ভাংচুর করা হয়।
জানা গেছে, ঐ এলাকার ফাতেমা টেইলার্স ও জান্নাত স্টোর বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌসুল আলম সিলেটটুডে২৪ডটকমকে জানান, সংঘর্ষের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে, দোষীদের গ্রেফতারে অভিযান চলছে। তিনি জানান, এই সংঘর্ষের সাথে জড়িত সবাই রাজনীতির সাথে জড়িত এমনও না। ছাত্রদলের দুই গ্রুপের কথা তারা শুনেছেন জানিয়ে বলেন- সংঘর্ষের মূল কারণটি খতিয়ে দেখা হচ্ছে।
তবে এই সংঘর্ষের সূত্রপাত নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য পাওয়া গেছে। একটি সূত্র জানিয়েছে জুনিয়র-সিনিয়র দ্বন্দ্বের জের ধরে সুমন-জুমন গ্রুপের সাথে ছাত্রদলকর্মী এরশাদ গ্রুপের মধ্যে এ হামলা- পাল্টা হামলার ঘটনা ঘটেছে অপরদিকে এরশাদ গ্রুপের কর্মীদের থেকে জানা গেছে- সুমন-মুন্না-জুমন গ্রুপের নেতাকর্মীরা সম্প্রতি তরুণলীগে যোগ দেয়ার খবরে নতুন করে এই বিরোধ তৈরি হয়।
এই ঘটনায় এখন পর্যন্ত ছাত্রদল নেতা এরশাদকে আটক করেছে পুলিশ।
আপনার মন্তব্য