সিলেটটুডে ডেস্ক

০২ জুন, ২০১৫ ২০:২৩

ভোলানন্দ নৈশ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক ক্লাশ চালুর সিদ্ধান্ত

সিলেট সিটি কর্পোরেশনের শিক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটির সভা আজ মঙ্গলবার দুপুর ১২টায় সিটি কর্পোরেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্যানেল মেয়র (১), শিক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান লোদী কয়েস লোদী।

সভায় সিলেট সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়। ঝরে পড়া শিক্ষার্থীদের বিনা খরচে লেখাপড়ার সুযোগ করে দিতে সভায় ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক ক্লাশ চালুর সর্বসম্মত সিদ্ধান্ত হয়।

এবারের এসএসসি পরীক্ষায় ভোলানন্দ নৈশ বিদ্যালয় থেকে অংশ নেওয়া ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭ জন উত্তীর্ণ হওয়ায় সভায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়। কর্পোরেশন পরিচালিত বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা প্রদান ও সিটি বেবী কেয়ার একাডেমীতে ছাত্রছাত্রী ভর্তির উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয় সভায়।

সভায় শিক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদ, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. তৌফিক বক্স, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও  সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ উপস্থিত ছিলেন।

 

আপনার মন্তব্য

আলোচিত