০৫ জুন, ২০১৫ ০২:৩৫
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাজেটকে স্বাগত জানিয়ে নগরীতে মিছিল করেছেন। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শেষ হওয়া পরই বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় জড়ো হয়ে তারা মিছিল বের করেন। পরে মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় গিয়ে শেষ হয় এবং সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা।
এ সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঘোষিত ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জনবান্ধব ও শিল্পবান্ধব হয়েছে। এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশ ভিশন-২০২১ এর দিকে অনেকখানি অগ্রসর হবে।
তারা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গঠনের যে স্বপ্ন দেখছেন এই বাজেটে (২০১৫-২০১৬) তারই প্রতিফলন ঘটেছে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলের ধারণা।
আপনার মন্তব্য