গোয়াইনঘাট প্রতিনিধি

০৬ জুন, ২০১৫ ১৪:২৯

সওজের অপারগতা, ব্যবসায়ীদের অর্থে সংস্কার হবে সিলেট-জাফলং সড়ক

সিলেট-জাফলং সড়কের জাফলং অংশ খানাখন্দে ভরে দীর্ঘদিন ধরেই চলাচল অনুপোযোগী হয়ে পড়েছে। তবু এ সড়কটি সংস্কারের উদ্যোগ নেই কর্তৃপক্ষের। এ অবস্থায় ব্যবসায়ীরাই এই সড়কটি সংস্কারে উদ্যােগ নিয়েছেন। স্থানীয় ব্যবসায়ীদের অর্থায়নে ২৫ লাখ টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ এ সড়কটির সংস্কার কাজ রোববার থেকে শুরু হবে।
 
শুক্রবার জাফলংয়ের রাস্তা সংস্কারে উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় ব্যবসায়ীদের সমন্বয়ে এক যৌথ মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়। শুক্রবার বিকেলে নলজুরিস্থ জেলা পরিষদের ডাক বাংলোয় এ সভা অনুষ্ঠিত হয়।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহ উদ্দিন’র  সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ এম এ হাই,  জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগ ও তামাবিল পাথর, চুনা পাথর ও কয়লা আমদানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, পুর্ব জাফলং ইউপি চেয়ারম্যান হামিদুল হক ভুইয়া বাবুল, জাফলং পাথর ব্যাবসায়ী সমিতির সভাপতি মুতলিব খা, সম্পাদক আব্দুল হাফিজ, জাফলং ষ্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, সম্পাদক ইলিয়াছ উদ্দিন লিপু, ব্যবসায়ী জালাল উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমেদ, জাফলং ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক অব্দুল আলীম, সিলেট জেলা ট্রাক চালক সমিতির সভাপতি দিলু মিয়া, জাফলং ট্রাক চালক সমিতির সভাপতি ফয়জুল ইসলাম, আব্দুর রহিম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, রাস্তাটি সংস্কার করা অত্যন্ত জরুরী। তারপরও প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় ইতিপুর্বে তা সম্ভব হয়নি। তবে রাস্তাটি জরুরী ভিত্তিতে সংস্কারে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। যা আগামী অর্থ বছরের বাজেটে অনুমোদন হবে বলে আশা প্রকাশ করছি। বর্তমানে রাস্তাটি চলাচলের উপযোগী করতে সংস্কার কাজের জন্য প্রায় ২৫ লক্ষ টাকার প্রয়োজন।

কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় স্থানীয় ব্যাবসায়ীদের সহযোগিতা কামনা করলে স্থানীয় পাথর সংশ্লিষ্ট ব্যাবসায়ীরা সহযোগিতার আশ্বাস দিলে সভায় রোববার থেকে রাস্তা সংস্কার কাজ শুরু করার সিদ্ধান্ত হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ সালাহ উদ্দিন বলেন, বরাদ্দ স্বল্পতার কারণে রাস্তাটি সংস্কারে বিলম্ব হচ্ছিল। তাই অত্যন্ত গুরুত্বপুর্ণ এই রাস্তাটি বর্তমানে চলাচলের উপযোগী করতে সড়ক ও জনপথ বিভাগকে প্রায় ২৫ লক্ষ টাকার পাথর ও বালি দিয়ে স্থানীয় পাথর ব্যবসায়ীরা সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। আগামী রোববার থেকে সংস্কার কাজ শুরু হবে বলে জানান ইউএনও।

আপনার মন্তব্য

আলোচিত