নিজস্ব প্রতিবেদক

০৬ জুন, ২০১৫ ২০:২০

নগরীকে জলাবদ্ধতামুক্ত রাখতে সিসিকের অভিযান শুরু

সিলেট নগরীকে সবসময় জলাবদ্ধতামুক্ত রাখতে ৫টি ওয়ার্ডে একযোগে কাজ শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। এই কাজে সিটি কর্পোরেশনের সদ্য ক্রয়কৃত এস্কাভেটরও কাজে লাগানো হচ্ছে। এই কাজে সিটির নিজস্ব পরিচ্ছন্নতাকর্মী ও বাইরের লেবারসহ অর্ধশতাধিক লোককে কাজে লাগানো হচ্ছে। এই কাজের সার্বিক তত্ত্বাবধানে আছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।

চলতি জুন মাসের প্রথম দিন থেকে শুরু হওয়া এই কাজের অগ্রগতি দেখতে শনিবার বিকেলে ছড়া ও খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন এনামুল হাবীব। এই কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে এসময়  এনামুল হাবীব জানান, বর্ষা মৌসুমে যাতে সিটি কর্পোরেশন এলাকা সবসময় জলাবদ্ধতামুক্ত থাকে সেজন্য এই কাজ শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ডেও এই কার্যক্রম পরিচালনা করা হবে।

বর্তমানে সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে পরিচালিত এই কার্যক্রম চলছে জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে আরও ১০ লাখ টাকার টেন্ডারও আহবান করা হয়েছে। শিগগিরই এই কাজও শুরু হবে।

প্রাথমিক ধাপে সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের হুমায়ুন রশীদ স্কোয়ার থেকে প্রবাহমান দক্ষিনমুখী খাল এর প্রায় দেড় কিলোমিটার এলাকা এস্কাভেটর দিয়ে খনন করার পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। এই খাল খনন কাজে ব্যবহার করা হচ্ছে সিটি কর্পোরেশনের সদ্য ক্রয়কৃত এস্কাভেটর। শনিবার এই খাল পরিচ্ছন্নতা কার্যক্রম

পরিদর্শনকালে সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান জানান, নিজস্ব এস্কাভেটর থাকায় এই কাজে ব্যয়ের পরিমান অনেক কমে গেছে। তিনি জানান, এই এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য এই খাল খনন ও পরিচ্ছন্ন করার পাশাপাশি বাসা ও দোকানের সামনে এপ্রোচ রোডে আরসিসি পাইপ বসানো হবে যাতে পানি সহজে চলাচল করতে পারে এবং বাসা ও দোকানের সামনে পানি জমে না থাকে। আগামীকাল রোববার (৭ জুন) থেকে পাইপ বসানোর কাজ শুরু হবে।  

এই কাজ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস লিপন, সিটি কর্পোরেশনের প্রধান হিসাব রক্ষক আ ন ম মনছুফসহ সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রাথমিকধাপে ২৬ নম্বর ওয়ার্ড ছাড়াও ২৫ নম্বর ওয়ার্ডের টেকনিক্যাল রোডের তিনপাড়া পয়েন্ট, ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ড দিয়ে প্রবাহমান গাভীয়ার খালেরও পরিচ্ছন্নতা কার্যক্রমও একযোগে চলছে।

আপনার মন্তব্য

আলোচিত