০৭ জুন, ২০১৫ ১৭:৫৯
ফাইল ছবি
ঢাকা থেকে সিলেট আসার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ৪ তরুণকে আটক করার পর ছেড়ে দিয়েছে পুলিশ। দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে মুক্তিপণ আদায় করে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে জিআরপি থানা পুলিশ।
রবিবার ভোরে সিলেট রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করে পুলিশ। দুপুর ২ টায় মুক্তিপণ আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয়।
জানা যায়, ঢাকা থেকে বন্ধুদের নিয়ে আন্তঃনগর উপবন ট্রেনে সিলেট আসছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রী। শনিবার রাত ১০টায় ট্রেনে ওঠার পর থেকেই তাদের উত্ত্যক্ত করা শুরু করে সদ্য এইচএসসি পরীক্ষা দেওয়া চার তরুণ। যারা কি না বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ে ভর্তি হওয়ার জন্যই ঢাকা গিয়েছিলো। ট্রেনের মধ্যে সারা রাত তারা উত্ত্যক্ত করে ছাত্রীদের। সকালে সিলেট রেলস্টেশনে এসে ট্রেন থামার পর ৪ ছাত্রী উত্ত্যক্তের বিষয়টি জিআরপি থানা পুলিশকে অবহিত করেন। এসময় পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হল- সিলেট নগরের ভাতালিয়া এলাকার খাদিমুল মুরছালিন (১৮), একই এলাকার মাঈন হাসান রবিন (১৯), শাহী ঈদগাহ এলাকার আমির হোসেন রবিন (১৯) ও নগরের সুবিদবাজারের ফজলুল ইমরান (১৮)।
খবর পেয়ে আটককৃত চার তরুণের অভিভাবকরা গিয়ে হাজির হন জিআরপি থানায়। তারা নিজেদের সন্তানদের পক্ষ নিয়ে তিন ছাত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করে এ ব্যাপারে মামলা না করার অনুরোধ করেন। পরে ছাত্রীরা অভিযোগ প্রত্যাহার করে নিলে ৪ তরুণ মুছলেকা দিয়ে অভিভাবকদের জিম্মায় ছাড়া পায়।
সিলেট জিআরপি থানা পুলিশের ওসি জাহাঙ্গীর হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর উপবন এক্সপ্রেস সকালে সিলেটে পৌঁছায়। ট্রেনে কয়েকজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ পেয়ে পুলিশ ৪ তরুণকে আটক করে। পরে মেয়েদের কাছে তারা স্যরি বললে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।
আপনার মন্তব্য