০৭ জুন, ২০১৫ ২২:১৬
সিলেট নগরীর বাগবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। এসময় দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রবিবার রাত পৌনে আটটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে- বাগবাড়ী এলাকার বাসিন্দা মুহিবুর রহমান এবং আলা উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধিতা ছিল। এর জের ধরে রবিবার রাত পৌনে আটটার দিকে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দু’পক্ষের মধ্যে প্রায় ৪৫ মিনিট ব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালীন সময় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলি এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে।
সংঘর্ষে ১ জনকে গুলিবিদ্ধ এবং দেশীয় অস্ত্রের আঘাতে ২ জনকে গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও অন্তত ১৬ জন এ সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন বলে জানা যায়। পরে ঘটনাস্থলে পুলিশ ঘটনাস্থলে পৌছালে পরিস্থিতি শান্ত হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে তবে এ ঘটনায় কারো আহত হওয়ার ব্যাপারে তিনি নিশ্চিত নন।
আপনার মন্তব্য