সিলেটটুডে ডেস্ক

০৮ জুন, ২০১৫ ১১:৫৪

সিলেট সার্কিট হাউসের এক একর জায়গা উদ্ধার

বেদখলে থাকা সিলেট সার্কিট হাউসের এক একর ভূমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। রোববার রাতে বুলডোজার দিয়ে জেলা প্রশাসনের ৫ কর্মচারীর অবৈধ ৫টি বসত ঘর উচ্ছেদ করা হয়। ওই এলাকায় অবৈধভাবে নির্মিত তিনটি বসতঘর আজ সোমবার উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট জেলা প্রশাসনের বাবুর্চী আব্দুল মতিন, মালী রইচ আলী, স্পীডবোড ড্রাইভার মন্ডল বাবু, ড্রাইভার ইলিয়াস আলী, ক্লিনার রীনা বেগম, অফিস সহায়ক গোলাপ মিয়া, নাইট গার্ড আব্দুস শহীদ ও এম.এল.এস.এস গোপাল সরকার দীর্ঘদিন ধরে সিলেট সার্কিট হাউসের অভ্যন্তরে অবৈধভাবে বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। সার্কিট হাউসের অভ্যন্তরে তারা বসতঘরসহ নানা স্থাপনা তৈরী করে ভোগ দখল করছিল।

জেলা প্রশাসন থেকে স্থাপনা তুলে নিতে তাদেরকে নাটিশ দেয়ার পরও তাদের টনক নড়েনি। এ অবস্থায়  অবৈধভাবে গড়ে তোলা এসকল স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।

সূত্র জানায়, বেধে দেয়া সময়সীমার মধ্যে অবৈধভাবে নির্মিত বসতঘর নিজ উদ্যোগে উচ্ছেদ না করায় রোববার রাতে সিলেট সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করে জেলা প্রশাসন। রাত ৮টা পর্যন্ত চলা এই অভিযানে অভিযানে বাবুর্চী আব্দুল মতিন, মালী রইছ আলী, স্পীডবোড ড্রাইভার মন্ডল বাবু, ড্রাইভার ইলিয়াস আলী ও ক্লিনার রীনা বেগমের অবৈধ বসত ঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। এর ফলে সিলেট সার্কিট হাউসের প্রায় এক একর ভূমি দখলদারদের কবল থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন সূত্র।

আজ সোমবার অফিস সহায়ক গোলাপ মিয়া, নাইট গার্ড আব্দুস শহীদ ও এম.এল.এস.এস গোপাল সরকারের অবৈধ বসতঘর বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হবে বলে তারা জানান।

প্রশাসনিক সূত্র জানায়, উদ্ধার হওয়া ভূমিতে বিভিন্ন রকমের ফুলের গাছ রোপন করে সিলেট সার্কিট হাউসের সৌন্দর্য বর্ধন করা হবে। কয়েক দিনের মধ্যেই সৌন্দর্য বর্ধন কাজ শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত