১১ জুন, ২০১৫ ০১:১৯
সিলেট নগরীর উপশহর ছাত্রদলের দুই গ্রুপের সংঘাতকালে পুলিশ ১২ নেতাকর্মীকে আটক করেছে। বুধবার রাত ৯টার দিকে তাদের আটক করে শাহপরান থানা পুলিশ।
উপশহরের ডি ব্লকের ২৮ নম্বর রোডের ৬ নং বাসায় ছাত্রদলের একটি গ্রুপ সভা ডেকেছিলো। সেখানে তাদের প্রতিপক্ষ আরেকটি গ্রুপ হামলা চালায়। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১২ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে রয়েছেন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নেছার ও মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল শাহসহ ১২জন নেতাকর্মী। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
দলীয় সূত্র জানিয়েছে, বুধবার সন্ধ্যায় উপশহর বি ব্লকের ৬নং বাসায় ২২নং ওয়ার্ড ছাত্রদলের এক সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নেছার ও মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল শাহসহ বেশ কয়েকজন নেতাকর্মী।
সূত্র জানায়- সভার দাওয়াত না পেয়ে ছাত্রদলের উমেদ গ্রুপের নেতাকর্মীরা সেখানে গিয়ে চড়াও হয়। তারা কমিটি পক্ষের এক নেতার মোটর সাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে। পরে তারা যে বাসায় সভার আয়োজন করা হয়েছিল ওই বাসায় তালা দিয়ে চলে আসে।
খবর পেয়ে রাত ৯টায় শাহপরান থানা পুলিশের একটি দল ঘটস্থলে অভিযান চালিয়ে মিজানুর রহমান নেছার ও রুমেল শাহসহ ১২জন নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।
আপনার মন্তব্য