সিলেটটুডে ডেস্ক

১৪ জুন, ২০১৫ ১৫:৩৩

অনন্ত হত্যা নিয়ে যেন ‘জজ মিয়ার নাটক না হয়’

বিজ্ঞানমনস্ক লেখক তরুণ ব্যাংকার অনন্ত বিজয় দাসের হত্যাকারীদের গ্রেফতার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবীতে শনিবার বিকেলে সিলেট নজরুল একাডেমিতে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দলসমূহের সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রগতিশীল দলসমূহের নেতৃবৃন্দ বলেন, বিজ্ঞানমনস্ক লেখক ও তরুণ ব্যাংকার অনন্ত বিজয় দাসের হত্যা নিয়ে যেন জজ মিয়ার নাটক না হয়। প্রকৃত হত্যাকারীদের খুজে বের করে সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবী জানান নেতৃবৃন্দ।

শনিবার বিকেল ৫টায় সিলেট কোর্ট পয়েন্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে সিলেট নজরুল একাডেমিতে সভার মধ্য দিয়ে কর্মসূচী পালন করে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দলসমূহ। 

নেতৃবৃন্দ আরও বলেন, অনন্ত হত্যার দায়ে সন্দেহভাজন ভাবে আটক ফটো সাংবাদিক ইদ্রিছ আলীকে নিয়ে যেন কোন রাজনীতি না হয়, এ যেন জজ মিয়ার নাটক না হয়। প্রকৃত অপরাধীদের যতক্ষণ পর্যন্ত আটক করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলছে চলবে। প্রশাসন সাধারণ জনগণকে আইওয়াশ না দিয়ে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপারাধীকে আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত শাস্তি দেয়া হয়।

সভায় বাসদের সমন্নয়ক আবু জাফরের সভাপতিত্বে ও ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় নেতা সিকন্দর আলীর পরিচালনায় বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক লোকমান আহমদ, গণফোরাম সিলেট জেলার সভাপতি আনসার খান, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা ধীরেন সিংহ, কমিউনিস্ট পার্টির সিলেট জেলার নেতা বাদল কর, ওয়াকার্স সিলেট জেলা শাখার সভাপতি আবুল হোসেন, ন্যাপ সিলেট মাহনগরের সভাপতি ইসহাক আলী, বাসদ মার্কসবাদী সিলেট জেলা শাখার সভাপতি সুশান্ত সিনহা সুমন, ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত