১৫ জুন, ২০১৫ ১৪:৫৩
গুলশান হোটেলে বোমা হামলাসহ ৪ মামলায় হরকাতুল জিহাদ ( হুজি ) ও জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ ( জেএমবি) এর তিন জঙ্গিকে সোমবার সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। এসময় আসামীদের সামনে জেলা ও মহানগর দায়রা জজ আদালতের দুই পাবলিক প্রসিকিউটর এ মামলায় স্বাক্ষ্য প্রদান করেন। স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়।
জানা যায়, সোমবার সকালে হুজি নেতা মাওলানা দিলোয়ার হোসেন রিপন ও জেএমবি নেতা মাওলানা আব্দুল আজিজ হানিফ ও মঈদুল ইসলাম হৃদয়কে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ ইফতেখার বিন আজিজ’র আদালতে ৪ টি মামলায় হাজির করা হয়।
এ সময় ২০০৫ সালের ৭ আগষ্টে সিলেট নগরীর গুলশান হোটেলে গ্রেনেড হামলা মামলায় আদালতে স্বাক্ষী প্রদান করেন আওয়ামীলীগ নেতা ও সিলেট জেলা জজ আদালতের পিপি এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ এবং সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট মফুর আলী ।
আদালতে স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ শেষে এই মামলায় আগামী ১৭ জুন পরবর্তী স্বক্ষ্য গ্রহণের জন্য তারিখ ধার্য্য করা হয়েছে ।
আদালত সূত্রে জানা যায় ,সিলেট গুলশান হোটেলে ২০০৫ সালের ৭ আগষ্ট গ্রেনেড হামলা মামলা, একই বছরের ২ ডিসেম্বর নগরীর টিলাগড়ে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের উপর গ্রেনেড হামলা, ১৭ আগষ্ট সিলেটের কদমতলী কেন্দ্রিয় বাস টার্মিনালে সিরিজ বোমা হামলা ও ২০০৬ সালে সূর্য দিঘল বাড়ির বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলার ধার্য্য তারিখ ছিল সোমবার। তাই হুজি ও জেএমবি’র তিন নেতাকে আদালতে হাজির করা হয় । আদালতের স্বক্ষ্য গ্রহণ শেষে দুপুর ১ টায় তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে ।
আপনার মন্তব্য