১৬ জুন, ২০১৫ ১৫:০৩
সমাজকল্যাণমন্ত্রী মহসীন আলীর সঙ্গীত প্রতিভার কথা সবারই জানা। প্রায় অনুষ্ঠানে গিয়ে তিনি গান গেয়ে মঞ্চ মাতিয়ে তোলেন। তবে এবার একটু ব্যতিক্রম ছিলো। তিনি এবার রবীন্দ্র নজরুল নয়, প্রয়াত সাংষ্কৃতিক ব্যক্তিত্ব কলিম শরাফীর লেখা গান গেয়েছেন। একইসঙ্গে সেই গানের ওপর পরীক্ষাও নিয়েছেন তিনি। তবে পরীক্ষার্থী ছিলেন- নজরুল একাডেমি, ঢাকার সাধারণ সম্পাদক মিন্টু রহমান। যদিও মন্ত্রীর পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে পারেননি।
সমাজকল্যাণমন্ত্রী সোমবার রাতে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ কবি নজরুল একাডেমিতে গান গেয়েই সবার মন জয় করেছেন। সিলেট নজরুল একাডেমি আয়োজিত ‘নজরুল জন্মোৎসব-২০১৫’ এর সমাপনী অনুষ্ঠানে এসে গানের সুরে সবাইকে মাতালেন তিনি। এমনকি অনুষ্ঠানে নির্ধারিত শিল্পী থাকার পরও তিনি জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠান শুরু করেন। এ সময় উপস্থিত নজরুল ভক্তরাও মন্ত্রীর সঙ্গে সুর মেলান।
এরপর শুরু হয় অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য। নজরুল একাডেমির সভাপতি ও সিটি কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নজরুল একাডেমি, ঢাকার সাধারণ সম্পাদক মিন্টু রহমান, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো. শফিকুর রহমান চৌধুরী, উদীচী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ব্যারিস্টার আরশ আলী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।
বক্তৃতাপর্বের শেষে প্রধান অতিথি হিসেবে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপি বক্তব্য রাখেন। তিনি নজরুলের লেখা একটি গান দিয়ে তার বক্তৃতা শুরু করেন। বক্তৃতায় তিনি বলেন, ‘সিলেট নজরুল একাডেমিকে রক্ষা করা হবে। যতই চক্রান্ত করা হোক না কেন, এটাকে সরানো যাবে না। এই স্থানেই ৪তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করে নজরুল একাডেমি করা হবে। এখানে শুধু নজরুল সঙ্গীত চর্চা করা হবে।’
সমাজকল্যাণমন্ত্রী আরো বলেন, ‘সংস্কৃতিকর্মীদের প্রাণের দাবি নজরুল একাডেমিকে রক্ষা করা। নজরুল একাডেমি রক্ষার জন্য যা যা সহযোগিতা লাগবে তা করতে আমি প্রস্তুত রয়েছি।’
আগামী দুই-একদিনের মধ্যে ঢাকায় গিয়ে আইনি বিষয়ে আইনজীবীদের কাছ থেকে জানবেন বলেও জানিয়েছেন মন্ত্রী।
বক্তব্যের শেষ পর্যায়ে এসে তিনি স্বনামধন্য রবীন্দ্র সঙ্গীত শিল্পী, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব কলিম শরাফীর লেখা ‘আজ হলো শনিবার, কাল কোন কাজ নেই/ রাত জেগে তোমাকেই ভাবছি, নাগরিক আভাসে যান্ত্রিক পরিবেশে কল্পনা মায়াজাল বুনছি’ গানটি গেয়ে শোনান।
এ সময় তিনি উপস্থিত অতিথি ও নজরুল ভক্তদের উদ্দেশ্যে বললেন, ‘ভালো করে গানটি শুনেন, আমি পরে পরীক্ষা নেব।’
পরে গানটি পরিবেশন করার পর নজরুল একাডেমি, ঢাকার সাধারণ সম্পাদক মিন্টু রহমানের কাছে জানতে চান, গানটির অর্থ কি? কি জন্য গানটি লিখেছিলেন কলিম শরাফী।
তখন মন্ত্রীর প্রশ্নের উত্তরও দিলেন মিন্টু। কিন্তু মন্ত্রী বললেন, ‘হয় নাই। গানটি কোনো প্রেমের গান নয়। এটি ১৯৬৫ সালে লেখা হয়েছিল।’
কলিম শরাফী বাংলার মানুষকে সজাগ করতে এই গানটি লিখেছিলেন বলে জানিয়েছেন মন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাবেক মহিলা এমপি সৈয়দা জেবুন্নেছা হক, ঢাকা সিটি করপোরশেনের নির্বাচিত কাউন্সিলর সিলেটের ফয়জুর মনীর চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ধীরেন সিংহ, ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সিকন্দর আলী, নজরুল একাডেমির অধ্যক্ষ হিমাংশু বিশ্বাস, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নিজাম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে নজরুল জন্মোউৎসব-২০১৫ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মন্ত্রী।
আপনার মন্তব্য