বড়লেখা প্রতিনিধি

১৬ জুন, ২০১৫ ১৯:০০

বড়লেখায় বাস পুড়ানো মামলায় ২ শিবির নেতা গ্রেফতার: একজনের স্বীকারোক্তি

মৌলভীবাজারের বড়লেখায় চলতি বছরের (১২ ফেব্রুয়ারি) বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রূপসী বাংলা পুড়ানোর ঘটনায় মামলার এজাহার নামীয় ১০নং আসামী শিবির নেতা তারেক আহমদ চৌধুরী ছায়েম (২৪) ও সন্দেহজনক আসামী শিবিরের বর্তমান উপজেলা সেক্রেটারী শাহেদ আহমদ (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। তারেক আহমদ চৌধুরী ছায়েম উপজেলার নিজ বাহাদুরপুর ইউপির পশ্চিম মাইজগ্রাম গ্রামের সেলিম আহমদ চৌধুরীর পুত্র এবং সাহেদ আহমদ উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির ভূগা গ্রামের ওয়াহিদ আলীর পুত্র।

এদিকে রূপসী বাংলা বাস পুড়ানোর ঘটনায় ঘটনাস্থলে জনতার সামনে জড়িতদের নামসহ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শিবির নেতা ছায়েম।

বড়লেখা থানা পুলিশ সুত্রে জানা গেছে, যাত্রীবাহী বাস রূপসী বাংলা (ঢাকা মেট্রো ব-১১-১৩০৬) পুড়ানোর মামলা নং-৫ এর এজাহার নামীয় ১০নং আসামী শিবির নেতা তারেক আহমদ চৌধুরী ছায়েমকে থানার সেকেন্ড অফিসার এসআই মাসুদুর রহমানের নের্তৃত্বে পুলিশ মাইজগ্রাম বাজার থেকে গ্রেফতার করে।

এছাড়া ওই মামলায় সন্দেহজনক আসামী শিবিরের বর্তমান উপজেলা সেক্রেটারী শাহেদ আহমদ (২৫) কে সোমবার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আকবর হোসেনের নের্তৃত্বে নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজের সামন থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য বাস পুড়ানোর ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে উপজেলার জামায়াত-শিবিরের ২২ নেতাকর্মীর নাম উল্লেখ ও আরো ১২০ জনকে অজ্ঞাতনামা আসামী রেখে থানায় মামলা করা হয় ১৩ ফেব্রুয়ারি।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান দুই শিবির নেতা গ্রেফতারে সত্যতা নিশ্চিত করে জানান, শিবির নেতা ছায়েম রূপসী বাংলা বাস পুড়ানোর ঘটনায় ঘটনাস্থলে জনতার সামনে জড়িতদের নামসহ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

শিবিরের নিন্দা :
১৫ জুন ডিগ্রি পরীক্ষা চলাকালিন অবস্থায় ছাত্রশিবিরের বড়লেখা উপজেলা শাখা সেক্রেটারী শাহেদ আহমদসহ গত কয়েক দিন ধরে ছাত্রশিবির বড়লেখা উপজেলা শাখার নেতাকর্মীকে অন্যায়ভাবে  গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা উপজেলা শাখা।

এক বিবৃতিতে উপজেলা সভাপতি আব্দুল বাছিত বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে ডিগ্রি ৪র্থ বর্ষের পরীক্ষায় ইসলামী ছাত্রশিবিরের বড়লেখা উপজেলা সেক্রেটারী শাহেদ আহমদকে পুলিশ সম্পূর্ণ অন্যায় ভাবে পরীক্ষা কেন্দ্র থেকে গ্রেফতার করে। গত ১৪ জুন বড়লেখা থানা পুলিশ ছাত্রশিবির নেতা ছায়েম আহমদকে গ্রেফতার করে শারীরিক নির্যাতন করেছে বলে বিবৃতিতে উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।   

আপনার মন্তব্য

আলোচিত