নিজস্ব প্রতিবেদক

১৬ জুন, ২০১৫ ২০:৩৬

একজন ওসি কী করে পাজেরো চালায়, প্রশ্ন সমাজকল্যাণ মন্ত্রীর (ভিডিও)

ওসির সাথে কথা বলতে হলে দিতে হয় ১০ হাজার, মামলা করতে ৫০ হাজার আর কেউ তদন্তে গেলে তাকে দিতে হয় আরো ২০ হাজার। মৌলভীবাজারের কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন খোদ সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী; যিনি ওই জেলার সংসদ সদস্যও।

ওসির দুর্নীতির বিবরণ দিতে গিয়ে মহসিন আলী বলেন- একটা মামলা করার জন্য কাউকে এতো টাকা দিতে হলে তো তাকে ভিটেমাটি বিক্রি করতে হবে। এ সময় মন্ত্রী প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন- একজন ওসি কী করে পাজেরো গাড়ি চালায়? নিজের টাকায়? (হাউ টু এ ওসি ড্রাইভ এ পাজেরো? বাই ওউন মানি?) কত্তবড় দুর্নীতিবাজ সে!

সোমবার (১৫ জুন) রাতে সিলেট নজরুল একাডেমিতে নজরুলজয়ন্তী উৎসবের সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব মন্তব্য করেন সমাজকল্যাণ মন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

এ অভিযোগ প্রসঙ্গে জানতে মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- থানায় এখন একজন উর্ধতন কর্মকর্তা আছেন। এখন আমি কথা বলতে পারবো না।

নজরুল একাডেমির অনুষ্ঠানে মহসিন আলী আরও বলেন- সিলেটের ডিআইজি ১৫ লক্ষ টাকার বিনিময়ে তাকে কুলাউড়ায় নিয়োগ দিয়েছেন। পুলিশের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেও এসময় মহসিন আলী বলেন, সব পুলিশ দুর্নীতিবাজ নয়। পুলিশবাহিনী মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। লক্ষ লক্ষ শহীদ হয়েছে। কিন্তু এই যে যারা দুর্নীতি করছে, মানুষকে সেবা না দিয়েই নিজেদের পকেট ভারি করছে তাদের কারণে পুলিশের সুনাম নষ্ট হচ্ছে।

মন্ত্রী আরও বলেন- জননেত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার। এই সব আবর্জনাকে রেখে তো আর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া যাবে না। আবর্জনাকে সরাতে হবে। এজন্য আইনী ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই সিলেট ও মৌলভীবাজারের কয়েকজন শীর্ষ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে দুর্নীতির অভিযোগ জানিয়ে আসছেন সমাজকল্যাণ মন্ত্রী। অপরদিকে সমাজকল্যাণ মন্ত্রীর বিরুদ্ধে অসৌজন্যমূলক ব্যবহারের অভিযোগ তুলে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার।

ভিডিও : পুলিশের দুর্নীতি নিয়ে মহসিন আলী

আপনার মন্তব্য

আলোচিত