নিজস্ব প্রতিবেদক

৩১ মার্চ, ২০১৮ ০৯:১৮

কালবৈশাখী ঝড়ে আহত যুবলীগ নেতা মুসার মৃত্যু

কালবৈশাখী ঝড়ে আহত সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোসাদ্দেক হোসেন মুসা মারা গেছেন।

শনিবার (৩১ মার্চ) সকাল পৌনে ৭টায় রাজধানী ঢাকার মেট্রোপলিটন হাসপাতালে মারা যান তিনি। বিষয়টি সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন মুসার রাজনৈতিক সহকর্মী সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এম. রশীদ আহমদ।

গত বৃহস্পতিবার (২৯ মার্চ) রাত সাড়ে আটটার সময় সময় মুসা দক্ষিণ সুরমা থেকে কাজির বাজার সেতু দিয়ে সিলেট নগরীর রিকাবীবাজারে আসছিলেন। হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ের সময় একটি চটপটির গাড়ি মোটর সাইকেলের উপর এসে আছড়ে পড়ে। এসময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যান সেখানে থাকা শাবির দুই ছাত্র। ওসমানীতে তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও রক্ত বন্ধ হচ্ছিল না। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেয়ার জন্য বলেন।

ওসমানী হাসপাতালের আইসিইউতে সিট খালি না থাকায় তাকে ওয়েসিস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে সেখান থেকে শুক্রবার (৩০ মার্চ) বেলা দেড়টার দিকে একটি এয়ার এ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকার মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান মুসা। শেষ খবর পাওয়া পর্যন্ত মোসাদ্দেক হোসেন মুসার মরদেহ নিয়ে স্বজনরা ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত