০৬ এপ্রিল, ২০১৮ ০১:১৩
বিয়ানীবাজারের খেলা দেখা নিয়ে ঝগড়ার জেরে ছাদ থেকে পড়ে সাকের নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার উপজেলার গোলাবিয়া পাবলিক লাইব্রেরির ছাদে বসে খেলা দেখার সময় এ ঘটনা ঘটে। সাকের সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহত সাকের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নে উত্তরপার এলাকার তেরাই মিয়ার পুত্র। তিনি পেশায় অটোরিকশা চালক।
প্রত্যক্ষদর্শীরা বলেন, লাইব্রেরির ছাদে সাকেরসহ বেশ কয়েকজন ওঠে খেলা দেখছিলেন। এক পর্যায়ে ছাদের দরজা ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়। এসময় ছাদে থাকা সকল দর্শক নামতে চাইলে বাধা দেন দুই তিনজন ব্যক্তি। তারা লাইব্রেরির লোক পরিচয় দিয়ে গেটে দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করেন। এনিয়ে সাকেরের সাথে বাগবিতণ্ডা ঘটে। সাকেরকে লক্ষ্য করে ইট ছুড়ে মারা হয়। সাকেরও ইট ছুড়ে মারলে একজনের পায়ে লাগে। এতে তারা ক্ষিপ্ত হয়ে সাকেরকে দেখে নেয়ার হুমকি দেয়।
খেলা শেষে নিচে নামার পথে দুতলায় সাকের হামলার শিকার হন। কাঠের টুকরো দিয়ে কয়েকজন মিলে তার উপর হামলা করে। তার মাথায় আঘাত লাগলে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান তিনি।
এ ঘটনা সাকেরের স্বজনরা অটোরিকশা মালিক ও চালকদের জানান এবং থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তারা।
আপনার মন্তব্য