নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল, ২০১৮ ১৪:২০

হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হল ‘সেই অটোরিকশা চালককে’

সিলেটের বিয়ানীবাজারে ফুটবল খেলা দেখার সময় বাকবিতণ্ডার জেরে ছাদ থেকে পড়ে গুরুতর আহত অটোরিকশা চালক সাকেরকে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার (৭ এপ্রিল) দুপুরে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। গত দুইদিন ওসমানী হাসপাতালের আইসিইউতে ছিলেন সাকের।

স্কয়ার হাসপাতালে আজ সন্ধ্যায় সাকেরের অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

উন্নত চিকিৎসার জন্যে সাকেরকে ঢাকা পাঠানো সহ সার্বিক বিষয়টি দেখছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম।

মাহিউদ্দিন সেলিম সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান, ‘এ পর্যন্ত সাকেরের চিকিৎসা বাবদ সকল অর্থ আমি নিজ তহবিল থেকে চালিয়ে যাচ্ছি। তার পাশাপাশি যদি আরো কেই সাকেরের চিকিৎসায় এগিয়ে আসেন তাকেও তিনি স্বাগত জানাবেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৫ এপ্রিল) বিয়ানীবাজারে মাহা বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থা ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার সময় বাকবিতণ্ডার জের ধরে সাকেরের উপর হামলা করা হয়। পরবর্তীতে একইদিন এই ঘটনার জের ধরে গোলাবিয়া পাবলিক লাইব্রেরীর ছাদে ফের তার উপর হামলা উত্তেজিত জনতা। হামলায় ভারসাম্য হারিয়ে সাকের নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় সাকেরকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত সাকের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নে উত্তরপার এলাকার তেরাব আলীর ছেলে।

আপনার মন্তব্য

আলোচিত