০৮ এপ্রিল, ২০১৮ ২৩:১৫
‘ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ নয় প্রতিরোধ’ এ স্লোগান কে প্রতিপাদ্য করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ধর্ষণ বিরোধী মাবনবন্ধনের আয়োজন করেন কয়েকজন শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মী। স্বেচ্ছাসেবী সংগঠন ‘আত্মকথা’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচি রোববার (৮ এপ্রিল) বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের হাতে ছিল ধর্ষণবিরোধী নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড।
মাবনবন্ধনে বক্তারা বলেন ধর্ষণ একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সারাদেশে ধর্ষণের শিকার হয়েছেন ১৮৭ জন নারী। কোন নারী ও শিশুই আজ নিরাপদ নয়, না ঘরে, না বাইরে।ধর্ষণকে সমূলে উপড়ে ফেলতে হলে আমাদের প্রতিবাদ নয়, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।তাই ঘরে বসে নয়, রাজপথে নেমে এই আন্দোলন কে বেগবান করে তুলতে হবে।
তারা বলেন, পোশাকের কারণে কখনোই ধর্ষণ হয়না। যদি ধর্ষণের জন্য পোশাক দায়ী হত, তবে বোরকা পরা মেয়ে ধর্ষিত হতনা, কিংবা শিশুরা এই বিকৃত যৌন লালসার শিকার হতনা। সামাজিক অবক্ষয়, রাজনৈতিক কারণ, মানবিকতার অভাব, পশুপ্রবৃত্তির বৃদ্ধি প্রভৃতি কারণে বিকারগ্রস্ততা বেড়েই চলেছে। তাছাড়া বিকারহীনতার কারণেও ধর্ষণ ক্রমাগত বাড়ছে।
কিশোর-কিশোরীদের পাঠ্যসূচিতে যৌন শিক্ষা অন্তর্ভুক্ত করার কথাও বলেন অংশগ্রহণকারীরা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ধর্ষণ মামলাগুলোর বিচারের দাবি জানান ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে মামলার বিচার ও ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার বিধান রেখে আইন পাশ করার দাবি জানান। এসময় বক্তারা বিউটি, তনুসহ ধর্ষণের শিকার বিভিন্ন মেয়েদের কথা তুলে ধরেন।
আগামীকাল সোমবার (৯ এপ্রিল) বিকেল ৪টায় ধর্ষণের প্রতিবাদে মৌন মিছিল করার ঘোষণা দেন আয়োজকরা। মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হবে।সব শ্রেণি-পেশার মানুষকে এই কর্মসূচিতে যোগদান করার জন্য সবিনয়ে অনুরোধ জানিয়েছেন তারা।
মানববন্ধনে অংশ নেন নাট্য ও সমাজকর্মী ডা. নাজরা চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সিলেট শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, ইনার হুইলের সাধারণ সম্পাদক ফরিদা নাসরিন, নাট্যকর্মী গৌতম চৌধুরী, আঁখি দেব, অপু সেনাপতি, উইমেন ওয়ার্ডস এর সম্পাদক ও নাট্যকর্মী অদিতি দাস, সুদীপ্ত দত্ত, বন্যা চৌধুরী, নাঈমা হক চৌধুরী, সুতপা বিশ্বাস, শ্রাবণী দেবরায়, লোপা ভৌমিক, শুভ দাশ, রাজীব দাস, আতিকুল ইসলাম, ইমন, সন্দীপ, রাশেদ, পিংকি ভৌমিক, সাগর প্রমুখ।
আপনার মন্তব্য