১১ এপ্রিল, ২০১৮ ০০:০২
সিলেটে শুরু হয়েছে ৩দিন ব্যাপী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৮। মঙ্গলবার (১০ এপ্রিল) রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেশিয়ামে মেলার উদ্বোধন করেন সিলেটের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দে।
মেলার আলোচনা পর্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজম খানের সভাপতিত্বে ও মধুসুধন চন্দ্রের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, মাধ্যমিক শিক্ষা সিলেট বিভাগের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার বিভাগ সিলেটের পরিচালক মতিউর রহমান, প্রাথমিক শিক্ষা সিলেটের বিভাগীয় পরিচালক তাহমিনা আক্তার, সমাজসেবার বিভাগীয় পরিচালক ফেরদৌস আরা।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দে বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত রূপকল্প-২০২১ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ও মন্ত্রীপরিষদ বিভাগের নেতৃত্বে মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা ও মাঠ প্রশাসন একযোগে কাজ করছে। সরকারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোও কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, তৃণমূল পর্যায়ে স্বল্পমূল্য সহজে সরকারি সেবা পৌঁছে দেয়ার বিষয়ে উপকারভোগী হিসাবে জনগণকে সম্পৃক্ত করানো এ ডিজিটাল উদ্ভাবনী মেলার মূল উদ্দেশ্যে। তথ্য প্রযুক্তির ব্যবহার করে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিসহ জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ।
মেলার উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় জোনাল সেটেলমেন্টের অফিসের স্টলে আবেদনের সাথে সাথে তাৎক্ষনিক ভূমির মালিককে ছাপা পরচা সরবরাহ করা হচ্ছে। মেলা চলাকালীন সিলেট বিভাগের যে কোন উপজেলার ভূমির মালিকগণ সরকার নির্ধারিত ফি দিয়ে মেলা থেকে ছাপা পরচা সংগ্রহ করতে পারবেন। আগামী ২দিনও মেলা চলাকালীন এরূপ সেবা দেয়া হবে বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আপনার মন্তব্য