শাকিলা ববি

১২ এপ্রিল, ২০১৮ ২১:৫৩

বৈশাখী আমেজ ফুটপাতেও

আধার কেটে গেছে। পূবের আকাশে উঁকি দিচ্ছে নতুন সূর্য্যি। যেন একটি নতুন সকালের অপেক্ষা। সেই অপেক্ষারও অবসান হচ্ছে। আর মাত্র দুই দিন পর ১৪২৫ বঙ্গাব্দ। বাঙালীর সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ। সবার দৃষ্টি এখন বৈশাখী উৎসবকে ঘিরে। তাই সারাদেশের ন্যায় উৎসবের আমেজে ভাসছে সিলেট নগরী।

বৈশাখ উৎসব সামনে রেখে নগরীতে এখন বইছে আনন্দের হাওয়া। বাংলা নতুন বছর বরণ করে নিতে এখন চলছে যার যার মত করে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে ব্যবসায়ীরা হালখাতার চিঠি পৌঁছে দিতে ব্যস্ত তাদের গ্রাহকদের কাছে। কেউ বা ব্যস্ত মাছ বাজারে ইলিশ কিনতে আর কেউ বা ব্যস্ত কাঁচাবাজারে।

অন্যদিকে ঘরের ছোট বাচ্চারা ব্যস্ত শাড়ি, ফতুয়া ও টি-শার্ট কিনতে। এ থেকে বাদ যাচ্ছেনা গৃহিণীরাও। তারা ভিড় করছেন মার্কেট, শপিং মলসহ নগরীর ফুটপাতগুলোতে। এছাড়াও পাড়া মহল্লায় চলছে বৈশাখী মেলার প্রস্তুতি।

সরজমিনে ঘুরে ঠিক এমনই চিত্র দেখা গেল নগরীর জিন্দাবাজারসহ বিভিন্ন সড়কের ফুটপাতগুলোতে। এখানে বৈশাখের সাথে সামঞ্জস্যপূর্ণ কাপড়গুলোর প্রতি ক্রেতাদের আকর্ষণ বেশি। তাই ঢোল, তবলা, একতারা, ইলিশ মাছ, হাতপাখা আঁকা টিশার্ট, ফতুয়ায় শোভা পাচ্ছে তাদের দোকানগুলোতে। বিশেষ করে ছোট বাচ্চাদের পোশাকের জন্যই এই দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা।

নগরীর কোট পয়েন্টে বাবার সাথে বৈশাখের কাপড় কিনতে এসেছে ৭ বছর বয়সী মিরাজ। অনেকগুলো টিশার্ট খুঁজে তার পছন্দের ইলিশ মাছ আঁকা টিশার্ট খুঁজে পেয়ে সে মহা খুশি।

মিরাজের বাবা ফজলুর রহমান বলেন, ‘বৈশাখে সে ইলিশ মাছ আঁকা টিশার্ট পড়ার বায়না ধরেছে। তাই এখানে নিয়ে এসেছি। আমরা গরিব মানুষ, হাজার টাকা দিয়ে কাপড় কিনে দিতে পারব না। তাই ফুটপাত থেকেই কম দামে কাপড় কিনে দিচ্ছে বাচ্চাদের।’

ছোটদের ১পিচ বৈশাখী টিশার্ট ৬০ টাকা এবং প্যান্টসহ টিশার্ট বিক্রি হচ্ছে ১০০ টাকা করে। তাই শেষ মুহূর্তে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ক্রেতারা কম খরচে বাচ্চাদের বৈশাখের কাপড় কিনে দিচ্ছেন ফুটপাতের এই দোকানগুলো থেকে।

বাচ্চাদের জন্য টিশার্ট কিনতে আসা গৃহিণী সালমা আক্তার বলেন, ‘আগে বাচ্চারা শুধু ঈদে নতুন কাপড় চাইত। এখন সবাই পহেলা বৈশাখে আনন্দ করে ঈদের মত। বাচ্চাদের আবদার বৈশাখে ও নতুন কাপড় দিতে হবে। তাই কম খরচে বাচ্চাদের বৈশাখের আনন্দ দিতে এখান থেকে কাপড় নিচ্ছি।’

ব্যবসায়ী আব্দুস সালাম বলেন, দু'দিন পরে বৈশাখ। দম ফেলার সময় নাই। বৈশাখের জন্য কয়েকদিন ধরেই ভাল বিক্রি হচ্ছে। পহেলা বৈশাখের আর একদিন বাকী তাই আজ অন্যদিনের তুলনায় ক্রেতা বেশি। বিক্রি বেশি হলে আমাদের বৈশাখও ভাল কাটবে।

আপনার মন্তব্য

আলোচিত