১৫ এপ্রিল, ২০১৮ ২০:৫৪
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমান চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারকে দ্বিতীয় মেয়াদে পরবর্তী তিন বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। হাফিজ আহমদ মজুমদার সিলেটের কানাইঘাট-জকিগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. সাইফুল্লাহিল আজম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের বরাতে এ তথ্য জানা যায়।
২০০৯ সালে হাফিজ আহমেদ মজুমদার রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সমাজসেবা ও মানবকল্যাণে অবদান রাখার জন্য ২০১৫ সালে তিনি এ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান।
এ ছাড়াও মানবিক কর্মকাণ্ডে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ গত ২৩ ফেব্রুয়ারি ২০১৮ দক্ষিণ কোরিয়া হ্যানসিও ইউনিভার্সিটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।
এউপলক্ষে রোববার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরে সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীর অংশগ্রহণে একটি সভা আয়োজন করা হয়।
হাফিজ আহমদ মজুমদার বলেন, মিয়ানমার থেকে আগত কক্সবাজারে অবস্থিত জনগণের জন্য পরিচালিত ‘পপুলেশন মুভমেন্ট অপারেশন’ কার্যক্রম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে বিশ্বব্যাপী প্রশংসিত করেছে। এ ছাড়াও ঘূর্ণিঝড়, আকস্মিক বন্যা, পাহাড় ধ্বসের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক স্বীকৃতিস্বরূপ মুভমেন্ট পার্টনার আইএফআরসি’র গভর্নিং বোর্ড-এর সদস্য হিসেবেও মনোনীত করা হয়েছে এ সংগঠনকে।
আপনার মন্তব্য