২০ জুন, ২০১৫ ১৬:০৪
হবিগঞ্জ সদর উপজেলার জয়রামপুর গ্রামে জমিতে গরুর ধান খাওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৪০ জন আহত হয়েছেন। শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার সকালে জয়রামপুর গ্রামের ফিরোজ আলীর একটি গরু একই গ্রামের ইসহাক আলীর আমন ধানের জমিতে হালিচারা খেয়ে জমি নষ্ট করে। এ দৃশ্য দেখে ইসহাক আলী গরুটি আটক করে বাড়ি নিয়ে যান। খবর পেয়ে ফিরোজ আলী গরু ফিরিয়ে আনতে গেলে ইসহাক আলীর সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ইছাক আলী, ফিরোজ আলী, শাহাব উদ্দিন, নায়েব আলী, রুনা আক্তার, সানু মিয়া, সাজ মিয়া, তৈয়ব আলী, হাবিব উল্লাহ, রুবেল মিয়া, শাহেদা আক্তার, হারুন মিয়া, জমরুত আলী, আয়াত আলী, সিরাজুল ইসলাম, লুৎফুন্নেছা বেগম, কিতাব আলী, জলিল মিয়া, মাফিয়া আক্তারকে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে স্থানীয় মুরুব্বীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিন জানান, গ্রাম্য আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই গ্রামের মুরুব্বীরা সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। বিকেল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।
আপনার মন্তব্য