২৪ এপ্রিল, ২০১৮ ১৭:১৮
হবিগঞ্জের নবীগঞ্জে কাভার্ডভ্যান চাপায় এক ট্রাকের চালক ও এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার রোকনপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- ট্রাক চালক কুমিল্লার দেবীদ্বার উপজেলার সোহেল আহমেদ ও পথচারী নানু মিয়া চুনারুঘাট উপজেলার করিমপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে।
এছাড়া এ দুর্ঘটনায় আহত ট্রাক চালকের সহকারী আব্দুল মমিন ও রাসেল মিয়াসহ চারজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়দের বরাতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার বলেন, মঙ্গলবার সকালে সিলেটগামী একটি ট্রাক নবীগঞ্জ উপজেলার রোকনপুর এলাকার রাস্তার পাশে মেরামত করছিলেন ট্রাকচালক সোহেল। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান ট্রাকটিকে ধাক্কা দিলে সোহেল আহমেদ ঘটনাস্থলেই চাপা পড়ে নিহত হন। আহত হন ট্রাক চালকের সহকারী আব্দুল মমিন এবং পথচারী নানু মিয়া ও রাসেল মিয়াসহ ৪জন।
পরে আহতদের আর্তনাদ শুনে ঢাকাগামী অন্য একটি ট্রাক লাশ ও আহতদেরকে উদ্ধার করে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় নিয়ে আসে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা খবর পেয়ে লাশ গ্রহণ করে এবং আহতদেরকে হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নানু মিয়া মারা যায়।
জসিম উদ্দিন খন্দকার আরো জানান, চিকিৎসার জন্য একটি ট্রাক আহতদেরকে হবিগঞ্জে নিয়ে আসে। যেহেতু ঘটনাস্থল শেরপুর হাইওয়ে থানার অধীনে তাই আমরা লাশ গ্রহণ করেননি।
শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, সোহেলের লাশ আপাতত থানায় রাখা হয়েছে।
আপনার মন্তব্য