২৮ এপ্রিল, ২০১৮ ২১:০৭
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতা বাজার থেকে শতক পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ এলাকাবাসী।
শনিবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে মানববন্ধন শেষে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর ফলে সড়কের উভয় পাশে কয়েক শতাধিক যানবাহন আটক পড়ে। ২ঘন্টা রাস্তা অবরোধ শেষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসানের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ তোলে নেয় এলাকাবাসী।
জানা যায়, দীর্ঘদিন ধরে জনতার বাজার হতে শতক পর্যন্ত প্রায় ৪কিলোমিটার রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছেন সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী। জনপ্রতিনিধিদের একের পর এক আশ্বাসের পরও সংস্কার না হওয়ার ফলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে ঘোষণা দেন ভুক্তভোগীরা। দিনারপুরর উচ্চ বিদ্যালয়, দিনারপুর কলেজ ও জনতা বাজার ও কাগাবালা সিএনজি স্ট্যান্ড শ্রমিকদের ব্যানারে শনিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাধারণ শিক্ষার্থী, শ্রমিক ও স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘ ৪বছর ধরে সংস্কার করার আশ্বাস দিলেও রহস্যজনক কারণে এই সড়ক সংস্কার হচ্ছে না। যার ফলে বৃষ্টির দিনে স্কুল, কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা এই সড়ক দিয়ে অনেক দুর্ভোগ মাথায় নিয়ে চলাচল করতে হয়। দ্রুত সড়কটির সংস্কার না হলে আবারো রাজপথে নামা হবে বলে স্থানীয় একাধিক বাসিন্দা জানান।
আপনার মন্তব্য