১৩ ডিসেম্বর, ২০১৮ ১৭:১৫
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। এ সময় তিনি বিভিন্ন অভিযোগে পাঁচ কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানান।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে জেলা সদরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন তিনি।
মতবিনিময়কালে ঐক্যফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী বলেন, ‘বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমরা জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমে একাদশ জাতীয় নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি। আমি এই আসনে ১৩ মাস সংসদ সদস্য থাকাকালীন সময়ে জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অনেক কাজ করেছি। বর্তমান সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারেননি। তিনি উন্নয়ন নিয়ে বৈষম্য সৃষ্টি করে নিজের এলাকায় বেশী কাজ করেছেন। আগামীতে আমি নির্বাচিত হলে সাধারণ মানুষের উন্নয়নে কাজ করবো।’
আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অভিযোগ করে তিনি আরও বলেন, ‘ডিবি ও স্থানীয় পুলিশ প্রশাসনের হয়রানির কারণে ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা প্রচার-প্রচারণায় হয়রানির শিকার হচ্ছেন। নির্বাচনী মাঠে সকল প্রার্থীর জন্য সমান পরিবেশ সৃষ্টি হয়নি। সরকারদলীয় প্রার্থী বর্তমান সংসদ সদস্য বেশী সুযোগ-সুবিধা ভোগ করছেন।
নানা অভিযোগ এনে পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ, জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ও জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনকে প্রত্যাহারের দাবি জানান। প্রয়োজনে ওই পাঁচজন কর্মকর্তাকে প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করবেন বলে সাংবাদিকদের জানান।
নির্বাচন কমিশন সবার জন্য সমান পরিবেশ সৃষ্টি করবেন এমন প্রত্যাশা করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘আমরা আশাবাদী নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করলে আমি বিপুল ভোটে জয়ী হবো।’
মতবিনিময়কালে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহসভাপতি নাদির আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা ছাদ মাস্টার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তৈয়বুর রহমান ও বিএনপি নেতা আনছার উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি বছির আহমদ, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা আফছর উদ্দিন, সিরাজুল ইসলাম বাহার প্রমুখ।
আপনার মন্তব্য