গোলাপগঞ্জ প্রতিনিধি

২০ ডিসেম্বর, ২০১৮ ০২:২৭

গোলাপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

গোলাপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নোমান উদ্দিন মুরাদকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি।

বুধবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে তাৎক্ষণিক এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ঢাকাদক্ষিণ বাজারের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সভায় মুরাদকে গ্রেফতারের প্রতিবাদে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে সিলেট-৬ আসনে বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রাথী ফয়সল আহমদ চৌধুরী বলেন, আওয়ামীলীগ ক্ষমতা হারানোর আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছে। এজন্য একটি সুষ্টু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দেওয়ার নৈতিক সাহস হারিয়ে ফেলেছে তারা। যার কারণে সম্পূর্ণ অন্যায়ভাবে বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করছে যা গণতন্ত্রের চেতনা বিরোধী। জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোনো সরকারই ঠিকে থাকতে পারে নি, আওয়ামীলীগ ও পারবে না।

ফয়সল আহমদ চৌধুরী পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনকে নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জোর দাবি জানান। বিক্ষোভ মিছিলে উপজেলার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত