বড়লেখা প্রতিনিধি

২১ ডিসেম্বর, ২০১৮ ২৩:৫২

উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দ্বারে শাহাব উদ্দিন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের মতো মৌলভীবাজার-১ আসনে বইছে নির্বাচনী হাওয়া। ভোটের দিন ঘনিয়ে আসার সাথে সাথে বাড়ছে নির্বাচনী উত্তাপ। জেলার বড়লেখা-জুড়ী উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-১ আসনে এবার বিভিন্ন দলের চারজন প্রার্থী প্রচারণায় মাঠে নেমেছেন। প্রার্থীরা নেতাকর্মীদের সাথে নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

তবে প্রচারণার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ মো. শাহাব উদ্দিন। তফসিল ঘোষণার আগ থেকেই তিনি নির্বাচনী মাঠে রয়েছেন। তিনি প্রতিদিনই দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করছেন। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। বিভিন্ন স্থানে করছেন সভা, সমাবেশ। তুলে ধরছেন বর্তমান সরকারের নানা উন্নয়নের কর্মকাণ্ডের ফিরিস্তি। নতুন করে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চাইছেন।

এ আসন থেকে তিন তিনবারের নির্বাচিত সাংসদ মো. শাহাব উদ্দিন বর্তমানে জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করে এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। যার কারণে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

আওয়ামী লীগ প্রার্থী হুইপ শাহাব উদ্দিন সম্প্রতি সাংবাদিকদের জানান, গত ১০ বছরে তিনি তাঁর নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। বিশেষ করে সড়ক-সেতু-কালভার্ট, যোগাযোগ ব্যবস্থাসহ, নানা অবকাঠামো নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। চলমান রয়েছে কুলাউড়া-শাহবাজপুর রেললাইনের কাজ। এখনও অনেক কাজ চলমান রয়েছে। এলাকায় উন্নয়নে কারণে এবার নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশা প্রকাশ করেছেন।

হুইপ শাহাব উদ্দিন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছাড়াও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। গত ৯ নভেম্বর দলের একক প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে তিনি চমক সৃষ্টি করেন।

আপনার মন্তব্য

আলোচিত