২২ ডিসেম্বর, ২০১৮ ১৫:৩৫
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা বলেছেন, এবারের নির্বাচন স্বাধীনতা সুরক্ষার। ১৯৭০ সালে নির্বাচন হয়েছিল মুক্তিযুদ্ধের অর্জনের জন্য। এবারের নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচিত না হলে মুক্তিযুদ্ধের চেতনা ধূলিসাৎ হয়ে যাবে। তরুণদের ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন অনিশ্চিত হয়ে যাবে। নারীদের ক্ষমতায়নে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি তার বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, ৩০ লক্ষ শহীদের রক্ত ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের এ স্বাধীনতা। তাই কষ্টে অর্জিত এই লাল সবুজের পতাকা কোন স্বাধীনতা বিরোধী শক্তির গাড়িতে উড্ডয়ন করতে দেয়া যাবে না। শেখ হাসিনার নেত্বত্বে তরুণদের জন্য ডিজিটাল বাংলাদেশের যে ঝলকানি শুরু হয়েছে তা কোন ভাবেই নিভতে দেয়া যাবে না।
এবারের নির্বাচনে স্বাধীনতা বিপক্ষের শক্তি ধানের শীষের প্রতীককে প্রত্যাখ্যান করে পুনরায় স্বাধীনতার স্বপক্ষের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে স্বাধীনতা সুরক্ষা করার আহ্বান জানান তিনি।
এর আগে দুপুর ২টার দিকে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এ জনসভা শুরু হয়। জনসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট কালেক্টরেট জামে মসজিদের খতিব মো. শাহ আলম ও গীতা পাঠ করেন জয়ন্ত বিজয় চক্রবর্তী।
সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সিলেটের তিন মাজার জিয়ারত শেষে বর্তমানে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজনের জন্য নগরীর সার্কিট হাউজে অবস্থান করছেন।
বেলা আড়াইটার দিকে জনসভাস্থলে পৌঁছার কথা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার।
প্রসঙ্গত, নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে 'নিজ খরচে' শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) ও সিলেটের প্রথম মুসলিম গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করেন।
আপনার মন্তব্য