নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০১৮ ১৮:৩১

‘এই যে আমাদের বৌদি’

এই যে আমাদের বৌদি। ড. জয়া সেনগুপ্তকে পরিচয় করিয়ে দিতে গিয়ে এ ভাবেই শুরু করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২২ ডিসেম্বর) বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভার মঞ্চে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বর্তমান সাংসদ ও আসন্ন নির্বাচনে দলের প্রার্থী ড. জয়া সেনগুপ্তর সাথে উপস্থিতদের পরিচয় করিয়ে দিতে যেয়ে তিনি এমন কথা বলেন।

তিনি বলেন, এই যে আমাদের বৌদি তিনি আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও প্রয়াত সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তর স্ত্রী। তাকে আমরা নৌকা প্রতীক দিয়েছি। এই নৌকা প্রতীকে ভোট দিয়ে তাঁকে আপনারা বিজয়ী করবেন।

এর আগে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. লুৎফুর রহমানের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সঞ্চালনায় আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির সভাপতি শেখ হাসিনা।

প্রসঙ্গত, নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর তিনি হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) ও সিলেটের প্রথম মুসলিম গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করেন।

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা মাজার জিয়ারত শেষে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য নগরীর সার্কিট হাউজে অবস্থান শেষে বেলা ৩ টা ১২ মিনিটে তিনি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা স্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। এর পর বিকেল ৪ টা ৪ মিনিটে বক্তব্য শুরু করে ৪ টা ৩৮ মিনিট পর্যন্ত বক্তব্য দেন তিনি।



আপনার মন্তব্য

আলোচিত