নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:৪০

সিলেটে শতবর্ষী পরিকল্পনার কথা শোনালেন শেখ হাসিনা

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সিলেট এসে আলিয়া মাদ্রাসার জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা শোনালেন শতবর্ষী পরিকল্পনা কথা। শনিবার (২২ ডিসেম্বর) সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখার সময় তিনি তাঁর এ পরিকল্পনার কথা শোনান।

দেশকে উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শেখ হাসিনা বলেন, "আমরা ১৯৯৬ সালে মোবাইল ফোন বেসরকারি খাতে উন্মুক্ত করে দেই। সারাদেশে ইন্টারনেট চালু করেছি। স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ করেছি। মোবাইল ফোন এখন সবার হাতে। মোবাইল ফোন হাতে নিয়ে সবাই এখন বিশ্বকে দেখতে পারে, আত্মীয়স্বজনকে দেখতে পারে। মোবাইল ফোনে আমরা টু জি থেকে থ্রিজি, থ্রিজি থেকে ফোরজিতে চলে এসেছি। আগামীতে আমরা ফাইভ জি চালু করবো।"

আওয়ামী লীগ সভাপতি বলেন, " ২০২০ সালে আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করবো। ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, ২০৪১ সালে বাংলাদেশ হবে সমৃদ্ধ দেশ। ২০৭১ সালে স্বাধীনতার শত বার্ষিকী উদযাপন করবো। এছাড়া ২১০০ সালের মধ্যে ডেল্টা প্ল্যানের মাধ্যমে বাংলাদেশেকে বিশ্বের সবচেয়ে উন্নত দেশ হিসেবে গড়ে তোলা হবে।"

তিনি বলেন, "আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, দারিদ্রের হার কমে। আমাদের প্রবৃদ্ধি ৭.৮৬ ভাগে উন্নীত করেছি। আমরা সকলের জন্য বিনা পয়সায় বই দিচ্ছি। দুই কোটি চার লাখ শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছি। মায়ের মোবাইল ফোনে উপবৃত্তির টাকা দিচ্ছি।"

তিনি বলেন, "আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই দেশের উন্নয়ন হয়, জনগণের কল্যাণ হয়। আওয়ামী লীগ শুরু থেকেই জনগণের সেবা করে যাচ্ছে।"

এর আগে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. লুৎফুর রহমানের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সঞ্চালনায় আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির সভাপতি শেখ হাসিনা।

প্রসঙ্গত, নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর তিনি হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) ও সিলেটের প্রথম মুসলিম গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করেন।

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা মাজার জিয়ারত শেষে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য নগরীর সার্কিট হাউজে অবস্থান শেষে বেলা ৩ টা ১২ মিনিটে তিনি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা স্থলে পৌঁছান। এর পর বিকেল ৪ টা ৪ মিনিটে বক্তব্য শুরু করে ৪ টা ৩৮ মিনিট পর্যন্ত বক্তব্য দেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত