২৫ ডিসেম্বর, ২০১৮ ২১:৩৪
সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে দূরত্ব নিয়ে আলোচনার মধ্যেই আওয়ামী লীগের প্রার্থী ড. একে আব্দুল মোমেনের সাথে কানাকানি করে আলোচনার জন্ম দিয়েছেন সিলেট সিটি মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার দুপুরে নয়াসড়ক গির্জায় বড়দিনের অনুষ্ঠানে মোমেন ও আরিফকে কানাকানি করতে দেখা যায়। এসময় খন্দকার মুক্তাদিরও তাদের পাশে দাঁড়িয়েছিলেন। আরিফ-মোমেনের এই কানাকানি নিয়ে নগরময় আলোচনার সৃষ্টি হয়েছে।
মুক্তাদিরের সাথে আরিফের দূরত্বের পাশাপাশি মোমেনের ভাই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সখ্যতার বিষয়টিও সিলেটের রাজনীতিতে আলোচিত ইস্যু।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নয়াসড়ক গির্জায় বড়দিনের কেক কাটায় একসাথে হাজির হয়েছিলেন সিলেট-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. একে আব্দুল মোমেন ও বিএনপির খন্দকার মুক্তাদির। এ অনুষ্ঠানে অতিথি ছিলেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীও। বড়দিনের কেক কাটার একপর্যায়ে মুক্তাদিরকে পাশে রেখেই ড. মোমেনের সাথে কানাকানি করতে দেখা যায় আরিফুল হক চৌধুরীকে। দুই দলের দুই নেতার এই কানাকানি নিয়ে অনুষ্ঠানস্থলেই কৌতূহলের সৃষ্টি করে।
মোমেনের সাথে কী কথা হয়েছে এ ব্যাপারে জানতে মঙ্গলবার রাতে আরিফুল হক চৌধুরীর মোবাইল ফোনে কল দিলে তাঁর ব্যক্তিগত সহকারী কল রিসিভ করে জানান, দাঁতের চিকিৎসা নিতে আরিফ ডাক্তারের চেম্বারে রয়েছেন। ফলে তিনি কথা বলতে পারবেন না।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে সিলেট-১ আসন থেকে খন্দকার মুক্তাদিরের পাশাপাশি বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরীও প্রাথমিক ভাবে মনোনয়ন পেয়েছিলেন। সে সময় ইনাম আহমদ চৌধুরীকে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন দিতে মেয়র আরিফুল হক চৌধুরীসহ বেশ কয়েকজন নেতা বিএনপি মহাসচিবকে চিঠি দেন।
তবে চূড়ান্ত মনোনয়নে বঞ্চিত হওয়া ইনাম আহমদ চৌধুরী বিএনপি ছেড়ে সম্প্রতি আওয়ামী লীগে যোগ দেন। এরআগে প্রাথমিক মনোনয়ন পেয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাথে তাঁর বাসায় দেখা করতে গিয়ে দলের ভেতরে তোপের মুখে পড়েছিলেন ইনাম।
এদিকে, চূড়ান্ত মনোনয়ন পেয়েই আরিফের সাথে তাঁর অফিসে দেখা করতে যান মুক্তাদির, পরে বাসায়ও যান তিনি। মুক্তাদিরের পক্ষে প্রচারণা চালাতেও দেখা যায় আরিফুল হককে।
আপনার মন্তব্য