বিশ্বনাথ প্রতিনিধি

২৬ ডিসেম্বর, ২০১৮ ১৯:৪৬

মোকাব্বির খানের প্রচারণায় বিশ্বনাথ বিএনপি

ঐক্যফ্রন্ট মনোনীত উদীয়মান সূর্য প্রতীকের প্রার্থী গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খানকে অবশেষে আনুষ্ঠানিক সমর্থন দিয়ে প্রচারণায় নেমেছে সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপি।


বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে বিশ্বনাথ পুরান বাজারস্থ বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে সন্ধ্যায় বিএনপি নেতারা গণফোরামের মোকাব্বির খানকে নিয়ে প্রচারণা চালান।

সহযোগি সংঠনসহ সূর্য প্রতীকের সমর্থনে বিএনপি নেতাদের বের করা প্রচার মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় ইলিয়াস ভাই, ইলিয়াস ভাই শব্দে মুখরিত হয়ে উঠে পুরো বিশ্বনাথ উপজেলা সদর।

এর আগে উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক লিলু মিয়ার উপস্থাপনায় মতবিনিময়ে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ছোট ভাই আছকির আলী।

মোকব্বির খানকে সমর্থন জানিয়ে বক্তব্যে আছকির আলী বলেন, নির্বাচনে অংশ নেয়া সিলেট-২ আসনের অন্য প্রার্থীদের নানা সমস্যা থাকলেও তাদের প্রার্থীতা বাতিল না করে অন্যায় ভাবে ধানের শীষের প্রার্থী তাহসীনা রুশদী লুনার প্রার্থীতা বাতিল করেছে ষড়যন্ত্রকারীরা । ইলিয়াস আলীর পরিবারকে বিএনপির রাজনীতি থেকে সরাতে নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও বক্তব্যে উল্লেখ করেন আছকির।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আহমেদ নূর-উদ্দিন, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মঈনুল হক, গণফোরাম সিলেট মহানগরের সভাপতি অ্যাডভোকেট আনসার খান, সিলেট জেলা গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলেন্দু দেব, মহানগর গণফোরামের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতের আমির আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মতিউর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুল হাই ও বশির উদ্দিন এবং দপ্তর সম্পাদক হাফিজ আরব খান।

এছাড়া মোকাব্বির খানের উদীয়মান সূর্য প্রতীকের সমর্থনে প্রচার মিছিলে বিশ্বনাথ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত