সিলেটটুডে ডেস্ক

০১ জানুয়ারি, ২০১৯ ১৬:৫০

‘শিক্ষা ক্ষেত্রে সরকারের সাফল্য প্রশংসনীয়’

বই উৎসবে সিলেটের বিভাগীয় কমিশনার

বিশ্বমানের শিক্ষা অর্জনে সরকারের সাফল্য প্রশংসনীয় উল্লেখ করে সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেছেন, ২০১০ সাল থেকে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম শুরু হয়। সফলতা নিয়েই শিক্ষা কার্যক্রম এগিয়ে যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে গত সাত বছরে যুগান্তকারী সাফল্য এসেছে। বিশেষ করে সংখ্যাগত দিক থেকে সাফল্য যুগান্তকারী।


মঙ্গলবার (১লা জানুয়ারি) সকালে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস-২০১৯ পালন উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য এসময় তিনি আরো বলেন, বিশ্বমানের শিক্ষা অর্জনে সরকারের সাফল্য প্রশংসনীয়। সরকারের যুগান্তকারী পদক্ষেপে প্রতি বছরের ক্ষুদে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিয়ে বই উৎসব পালন করা হয়। বছরের প্রথম দিনের শিক্ষার্থীদের কাছে নতুন বই পাওয়ায় ক্ষুদে শিক্ষার্থীরা পড়াশোনায় আরো মনোযোগী হবে। শিক্ষাবান্ধব সরকারের অধীনেই দেশ শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে গিয়েছে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আ.লীগের কেন্দ্রীয় সদস্য, মহানগরের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সিলেট অঞ্চলের উপ-পরিচালক জাহাঙ্গীর কবীর আহাম্মদ, প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগীয় উপপরিচালক এ.কে.এম. সাফায়েত আলম, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দেবনাথ, মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী প্রোক্টর এডভোকেট আব্বাস উদ্দিন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ.ন.ম. সুফিয়ান ও ফৌজিয়া আক্তারের পরিচালনায় বই উৎসব অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত